মোহামেডান-ব্রাদার্সের 'ভারত শরণ'

গত মৌসুমে কোনোমতে অবনমন ঠেকিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১২ দলের লিগে দেশের অন্যতম ঐতিহ্যবাহী দলটির অবস্থান ছিল ১০-এ। সমর্থকদের রীতিমতো মুখ লুকানোর অবস্থা। এবার যেন গতবারের মতো কিছু না হয়, সে জন্য আঁট ঘাট বেঁধেই এবার নেমেছে তারা। মোটামুটি ভালো একটা দলও দাঁড়িয়েছে। তবে কান্ডারি হিসেবে মোহামেডান ভারত থেকে নিয়ে এসেছে সৈয়দ নঈমুদ্দিনকে। ‘দ্রোণাচার্য’খ্যাত উপমহাদেশের অন্যতম অভিজ্ঞ এই কোচের অধীনেই এবার নিজেদের উত্তরণের চেষ্টায় থাকবে মোহামেডান।
নঈমুদ্দিনকে কোচ করা ব্রাদার্স ইউনিয়নের কাছ থেকে শিক্ষা নিয়েই। গত দুই মৌসুমে ব্রাদার্সের ‘অভিভাবক’ হয়েই ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে কিছুদিন কোচিং করানো এই কোচ। গত লিগের প্রথম পর্বে ব্রাদার্স খুব একটা ভালো না করায় দ্বিতীয় পর্ব থেকে কোচ করা হয়েছিল নঈমুদ্দিনকে। দায়িত্ব নিয়েই তিনি বদলে দেন ব্রাদার্সকে। ব্রাদার্স লিগ শেষ করে চতুর্থ স্থানে থেকে। এ মৌসুমেও ব্রাদার্সেই আসার কথা ছিল নঈমুদ্দিনের। কিন্তু শেষ পর্যন্ত তিনি মোহামেডানেরই দায়িত্ব নিচ্ছেন। ব্রাদার্স অবশ্য দমে যাচ্ছে না। নঈমুদ্দিনকে না পেয়ে তারা এনেছে আরেক ভারতীয় কোচকে। কলকাতা মোহামেডানের সাবেক কোচ সুব্রত ভট্টাচার্য এবার থাকছেন ব্রাদার্সের ডাগ আউটে।
এএফসির ‘এ’ লাইসেন্সধারী ৫২ বছর বয়সী সুব্রতর কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধই। নাগাল্যান্ড রাজ্য দলের কোচ ছিলেন। এ ছাড়া আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন বয়সভিত্তিক দলেও কোচিং করিয়েছেন। কোচ ছিলেন গোয়ার ভাস্কো ক্লাব, আই লিগের দল মুম্বাই এফসি ও কলকাতা মোহামেডানের। এ জন্যই বাংলাদেশের ফুটবলে কাজ করতে এসেছেন সুব্রত, ‘আমি ওখানে কোনো কাজ পাইনি এ জন্য এখানে এসেছি তা কিন্তু নয়। আমি এসেছি ভারতের বাইরে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। তা ছাড়া বাংলাদেশের ফুটবল আমার ভালো লাগে। আশা করি প্রিমিয়ার লিগে ব্রাদার্সকে একটা ভালো জায়গায় তুলে নিয়ে যেতে পারব।’
‘ভারত’ শরণে দেশের ফুটবলের দুই বড় নাম মোহামেডান ও ব্রাদার্স এই মৌসুমে নিজেদের মেলে ধরতে পারে কিনা, সেটা অবশ্য তোলা থাকছে সময়ের হাতেই।