‘মৌমাছি’র চাকে যোগ দিলেন এরিকসেন

ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে শীর্ষ পাঁচ লিগে মধ্যবর্তী দলবদলের মৌসুমে এখন পর্যন্ত এটাই সেরা খবর। হার্ট অ্যাটাক থেকে সেরে ওঠার পর খেলাটা চালিয়ে যেতে চেয়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন।

বুকে ‘পেসমেকার’ নিয়ে ইতালিতে খেলার নিয়ম না থাকায় ইন্টার মিলান ছাড়তে হয় তাঁকে। ডেনিশ মিডফিল্ডার তবু দমে যাননি। অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন নিজের মতো করে।

শেষ পর্যন্ত দলবদলের শেষ দিনে এসে মিলল সুখবর। এরিকসেনকে সই করিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ড।

ব্রেন্টফোর্ড যে এরিকসেনকে পেতে আগ্রহী, তা জানুয়ারির মাঝামাঝি সময়ে জানিয়েছিল ইংলিশ সংবাদমাধ্যম। পরে মেয়াদ বাড়ানোর সুযোগ রেখে প্রাথমিকভাবে ছয় মাস চুক্তির প্রস্তাব দিয়েছিল ক্লাবটি।

গার্ডিয়ান তখন জানিয়েছিল, ফ্রি এজেন্ট হয়ে থাকা এরিকসেন এই প্রস্তাব ভেবে দেখছেন। আজ তাঁকে সই করানোর ঘোষণা দিয়ে টুইট করে ব্রেন্টফোর্ড, ‘এটা অফিশিয়াল। ক্রিস্টিয়ান এরিকসেন এখন মৌমাছি। ডেনিশ খেলোয়াড় মৌসুমের বাকি সময় মৌমাছিদের সঙ্গে যোগ দেবেন।’ ব্রেন্টফোর্ডের তকমা ‘দ্য বিইজ’, অর্থাৎ ‘মৌমাছির দল।’

এরিকসেন নিজেও ভিডিও বার্তায় ব্রেন্টফোর্ডে যোগ দেওয়ার খবর জানিয়েছেন, ‘সবাই কেমন আছেন। আমি ক্রিস্টিয়ান এরিকসেন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি ব্রেন্টফোর্ড ফুটবল ক্লাবে সই করেছি। মাঠে নামতে আর তর সইছে না। দ্রুতই দেখা হবে।’ ২৯ বছর বয়সী এরিকসেনকে দলে টানার খবর বেশ ঘটা করেই জানিয়েছে প্রিমিয়ার লিগ টেবিলে ১৪তম দল ব্রেন্টফোর্ড। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে টুইট করার পাশাপাশি একটি ভিডিও ছেড়েছে ক্লাবটি।

এরিকসেনের নাম লেখা ‘হোম জার্সি’ ও ‘অ্যাওয়ে জার্সি’র ভিডিও টুইট করেছে ব্রেন্টফোর্ড। চলতি মৌসুমের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছে ব্রেন্টফোর্ড। ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিপত্রে।

গত ইউরোয় ১২ জুন ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠেই হার্ট অ্যাটাকের শিকার হন এরিকসেন। সতীর্থ খেলোয়াড় ও মেডিকেল স্টাফদের চেষ্টায় সে যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি। হাসপাতালে যাওয়ার পর তাঁর বুকে বসানো হয় কার্ডিওভারটার ডিফিব্রিলেটর (আইসিডি) যন্ত্র। এরপর আর ইন্টার মিলানে খেলতে পারেননি এরিকসেন।

হার্ট অ্যাটাকের সাত মাস পর আবারও মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। ব্রেন্টফোর্ডে সই করার মধ্য দিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছেন। ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত টটেনহামে সাত মৌসুম খেলে তারকাখ্যাতি পেয়েছেন এরিকসেন। ক্লাবটির হয়ে ২০১৮–১৯ মৌসুমে খেলেছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।

সুস্থ হয়ে ওঠার পর ডেনমার্কে নিজের সাবেক ক্লাব ওদেনেসেতে কিছুদিন একাই অনুশীলন করেন এরিকসেন। জানুয়ারির শুরুতে তাঁকে সুইস ক্লাব চিয়াসোতেও ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করতে দেখা গেছে। কাতার বিশ্বকাপে খেলার ইচ্ছা থেকেই শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে ফিরতে অনুশীলন শুরু করেন তিনি। নভেম্বরে অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত ডেনমার্কের।

ইন্টার ছেড়ে ক্লাবহীন হয়ে পড়ে থাকলে জাতীয় দলে ফেরার সুযোগ থাকত না এরিকসেনের। কারণ, খেলার মধ্যে থাকতেন না। ব্রেন্টফোর্ড সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় এখন বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে পারেন এরিকসেন।