মৌসুম শেষেই ইউনাইটেডে মরিনহো
দুই-তিন মাস ধরেই যেন নাটক চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ নিয়ে। ইংলিশ সংবাদমাধ্যমগুলো মনে করে, বর্তমান কোচ লুই ফন গালের চাকরির ‘এখন যায়, তখন যায়’ অবস্থা। ডাচ কোচও পাল্টা জবাবে ‘নিয়ম’ করে প্রতিদিনই ধুয়ে দিচ্ছেন সাংবাদিকদের। এবার নাটকে নতুন চরিত্রের আগমন—হোসে মরিনহো।
একটু ভুল হলো। কিছুদিন ধরেই পর্তুগিজ কোচ নাটকের চরিত্র হয়ে এসেছেন। তবে এত দিন তাঁর কোনো ‘সংলাপ’ ছিল না। এবার কথা বললেন। সাবেক চেলসি কোচ তাঁর বন্ধু ও কাছের মানুষদের জানিয়েছেন, আগামী মৌসুমে ইউনাইটেডে ফন গালের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ইংলিশ দৈনিক টেলিগ্রাফ, ডেইলি মেইল, ডেইলি স্টারসহ প্রায় সব সংবাদমাধ্যমই নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র উদ্ধৃত করে লিখেছে, মরিনহো বলেছেন ইউনাইটেডের সঙ্গে তাঁর চুক্তি সই হয়ে গেছে, এখন শুধু মৌসুম শেষের অপেক্ষা।
গত ডিসেম্বরে চেলসি থেকে বরখাস্ত হওয়ার পরই ইউনাইটেডের সঙ্গে নাম জড়িয়ে গেছে মরিনহোর। ফন গালের অধীনে সাফল্য তো নেই-ই, মনকাড়া ফুটবলও খেলতে পারছে না ইউনাইটেড। তার ওপর এই মাসেই পেপ গার্দিওলাকে আগামী মৌসুমের কোচ হিসেবে চূড়ান্ত করে ফেলেছে ইউনাইটেডের ‘গোলমেলে প্রতিবেশী’ ম্যানচেস্টার সিটি। তাদের টেক্কা দিতে ইউনাইটেড মরিনহোকে চাইতেই পারে। রয়টার্স।