মৌসুম শেষের রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ফুটবলে এখন মৌসুম শেষের রোমাঞ্চ। শিরোপা নিশ্চিত হয়ে গেছে বায়ার্নের, আবার প্রায় নিশ্চিত অনেকের। কেউ লড়ছে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার জন্য
টিটোকে স্মরণ
সময় কত দ্রুত চলে যায়! টিটো ভিলানোভা চিরতরে চলে যাওয়ার এক বছর হয়ে গেল পরশু। ২০১৪ সালের ২৫ এপ্রিল ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনেছিলেন বার্সেলোনার সাবেক কোচ। পরশু এসপানিওলের সঙ্গে জয়টা প্রয়াত কোচকে উৎসর্গ করেছেন লিওনেল মেসি। ২-০ গোলের জয়ে মেসি করেছেন দ্বিতীয় গোল। ম্যাচের পর নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘টিটো, আপনি সব সময় আমাদের হৃদয়ে থাকবেন।’ বার্সেলোনাও ভিলানোভাকে শ্রদ্ধা জানিয়ে একটা ভিডিও পোস্ট করেছে নিজেদের ওয়েবসাইটে।
ইউনাইটেডের হার
টানা ছয় ম্যাচ জেতার পর হঠাৎই ছন্দপতন। চেলসির পর কাল এভারটনের কাছে ৩-০ গোলে হেরে বসল ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ লুই ফন গালের অধীনে এই প্রথম লিগে তাদের টানা দুই ম্যাচ হার। এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে যেত ইউনাইটেড, হেরে যাওয়ায় নেমে গেছে চারে। কাল দুইয়ে ওঠার সুযোগ হারিয়েছে আর্সেনালও। শীর্ষ দল চেলসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে গানাররা। ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট চেলসির। এএফপি
চ্যাম্পিয়ন বায়ার্ন
চার ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগা জিতে নিল বায়ার্ন মিউনিখ। কাল নিকটতম প্রতিদ্বন্দ্বী ভলফ্সবুর্গ বরুসিয়া ম’গ্লাডবাখের কাছে ০-১ গোলে হেরে যেতেই নিশ্চিত হয়েছে বায়ার্নের ২৫তম বুন্দেসলিগা শিরোপা। পরশু হার্থা বার্লিনকে ১-০ গোলে হারিয়ে পেপ গার্দিওলার দল অপেক্ষা করছিল ভলফ্সবুর্গের পা হড়কানোর। ৩০ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৭৬, ভলফ্সবুর্গের ৬১।
জুভেন্টাসের অপেক্ষা
পরশু ইন্টার মিলানের কাছে রোমার ২-১ গোলে হারে সুযোগটা এসেছিল। গতকাল জুভেন্টাস তুরিনোকে হারালে আর লাৎসিও শিয়েভোর কাছে হেরে গেলে শিরোপা হয়ে যেত জুভেন্টাসের। কিন্তু ইতালিয়ান চ্যাম্পিয়নরা সুযোগটা নিতে পারেনি, নিজেরাই ২-১ গোলে হেরে গেছে তুরিনোর কাছে। আর লাৎসিও ১-১ গোলে ড্র করেছে শিয়েভোর সঙ্গে। শিরোপা উদ্যাপনের জন্য জুভেন্টাসের অপেক্ষা তাই আরেকটু বাড়ল।