মৌসুমের প্রথম ম্যাচেই নেইমার?
মাশুল যেটুকু দেওয়ার সেটা তো ব্রাজিল দিয়েছে আগেই। ধারণা করা হয়েছিল, বিশ্বকাপের সময় পাওয়া নেইমারের চোট ভোগাতে পারেন তাঁর ক্লাব বার্সেলোনাকেও। তবে সেই আশঙ্কা কমে গেছে অনেকটা। অতিসম্প্রতি ক্লাবের হয়ে স্বাস্থ্যপরীক্ষার পর জানা গেছে, মৌসুমের প্রথম ম্যাচ থেকেই খেলার সম্ভাবনা উজ্জ্বল ব্রাজিলিয়ান তারকার।
কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগার হাঁটুর আঘাতে মেরুদণ্ডে গুরুতর চোট পেয়ে নেইমারের বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল কোয়ার্টার ফাইনালেই। তাঁকে ছাড়া খেলতে নেমে ব্রাজিল সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হয় ৭-১ গোলে, ডাচদের কাছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও নাকাল হয় ৩-০ গোলে। প্রাথমিকভাবে নেইমারের চোটটা দেখে মনে হয়েছিল, বার্সেলোনার হয়েও মৌসুমে বেশ কিছু সময় মাঠের বাইরে কাটাতে হবে তাঁকে। তবে পুনর্বাসনের সময়টায় সেরে ওঠার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন নেইমার। এর ফলটাও পেয়েছেন। ছুটি শেষে ক্লাবে যোগ দেওয়ার পর পরশু ন্যু ক্যাম্পে স্বাস্থ্যপরীক্ষায় সুখবরই পেয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আরও তিন সতীর্থ লিওনেল মেসি, দানি আলভেজ ও হাভিয়ের মাচেরানোর সঙ্গে তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করার পর ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ডাক্তারি পরীক্ষায় চারজনই খুব ভালোভাবেই উতরে গেছেন। দলের সঙ্গে নিবিড় অনুশীলন করতে বাধা নেই এঁদের কারোরই। তিন সপ্তাহ বাদে শুরু হতে যাওয়া নতুন লা লিগা মৌসুমের প্রথম ম্যাচেই তাই নেইমারকে পাওয়ার আশা বার্সেলোনার। ২৪ আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু হবে বার্সার। গোলডটকম।