মৌসুমের প্রথম শিরোপা কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কাপের ট্রফি হাতে দুই অধিনায়ক। শেখ জামালের নাসির (বাঁয়ে), মুক্তিযোদ্ধার এনামুল। কাল বাফুফে ভবনে l সৌজন্য ছবি
ফেডারেশন কাপের ট্রফি হাতে দুই অধিনায়ক। শেখ জামালের নাসির (বাঁয়ে), মুক্তিযোদ্ধার এনামুল। কাল বাফুফে ভবনে l সৌজন্য ছবি

শেখ জামাল ধানমন্ডি, না মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র?
কাগজে-কলমে যেমন দেশসেরা, মাঠেও সেই প্রতিফলন আছে। ফেডারেশন কাপের ফাইনালে তর্কাতীতভাবে শেখ জামাল আজ ফেবারিট। মৌসুমের প্রথম ট্রফিটা তাই জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা শেখ জামালেরই।
কিন্তু ফুটবল কৌশলের খেলাও। ঠিক এটাই কাজে লাগাতে চান মুক্তিযোদ্ধার কোচ আবু ইউসুফ। হঠাৎই আবার শীর্ষ পর্যায়ে কোচিংয়ের সুযোগ পেয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়। বাফুফে ভবনে কাল সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘শেখ জামাল ভালো দল। তবে অপরাজিত নিশ্চয়ই নয়। তাদের হারাতে প্রয়োজনীয় সব সূত্রই মাঠে প্রয়োগ করব আমরা এবং অবশ্যই জয়ের ব্যাপারে আশাবাদী।’
মুক্তিযোদ্ধা এবার শেষ আটে আবাহনী ও সেমিফাইনালে বিদায় দিয়েছে মোহামেডানকে। দলীয় সংহতিই তাদের বড় শক্তি। লাল-সাদা জার্সিধারীদের জন্য আজ বিকেল সোয়া পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু ম্যাচটা প্রতিশোধেরও বটে।
গত ফেডারেশন কাপের ফাইনালে এই শেখ জামালের কাছেই মুক্তিযোদ্ধা হেরেছিল খেলার শেষ দিকে দেওয়া নাসিরের গোলে। সামর্থ্য অনুযায়ী খেলে এবারও শিরোপাজয়ের আশা ব্যক্ত করেছেন শেখ জামালের বর্তমান অধিনায়ক নাসির। তবে তাঁকে হতাশায় ডোবাতে চান মুক্তিযোদ্ধার অধিনায়ক এনামুল, ‘গতবারের হারের বদলা অবশ্যই আমরা এবার নিতে চাই।’
সেটি পারলে ১২ বছর পর ফেডারেশন কাপ মুক্তিযোদ্ধার ঘরে উঠবে। কিন্তু দলটির ম্যানেজার ফিরোজ মাহমুদ একটা বড় বাধা দেখছেন, ‘আমাদের বিরুদ্ধে বরাবরই বাজে রেফারিং হয়। এই ফাইনালেও সেই শঙ্কা আছে আমাদের।’
রেফারিং নিয়ে শেখ জামাল চিন্তিত নয়। শিরোপা ধরে রাখার চাপটাই বেশি। দেশের শীর্ষ ফুটবলে আবির্ভাবের পর এটি শেখ জামালের টানা পঞ্চম ফেডারেশন কাপ ফাইনাল, আগের চারবারে দুবার চ্যাম্পিয়ন। কোচ মারুফুল হকের দায়িত্ব সংখ্যাটা তিনে নেওয়া। ইউসুফ চাইছেন মুক্তিযোদ্ধাকে চতুর্থ ফেডারেশন কাপ এনে দিতে। আসল লড়াইটা যেন দুই কোচের!