ম্যাচ হারার পর ডাকাতের কবলে!

‘ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে’—কথাটার এর চেয়ে নিদারুণ ‘উদাহরণ’ আর বোধ হয় হতে পারত না। একে লিগে নিজেদের ম্যাচে হার, সেটির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফুটবলারদের পড়তে হলো ডাকাতদের বন্দুকের সামনে! পাক্কা দুই ঘণ্টা ধরে চলা ডাকাতিতে ফুটবলাররা খুইয়েছেন জার্সি, বুট, বলসহ সবকিছুই!
এমন ঘটনা দক্ষিণ আমেরিকান দেশগুলোতেই বেশি ঘটতে শোনা যায়। এবারও তার ব্যতিক্রম নয়। দুর্ভাগা খেলোয়াড়েরা ভেনেজুয়েলার ক্লাব ত্রুজিলানোসের। গত সোমবার লিগে মোনাগাসের বিপক্ষে ম্যাচ ছিল ত্রুজিলো রাজ্যের ক্লাবটির। প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ২-১ গোলে হেরেও যায় ত্রুজিলানোস। তার ঘণ্টা কয়েক পরই ক্লাবের টুইটার অ্যাকাউন্টে ছবি এল,
টিম বাসের সামনে খালি গায়ে, বুট ছাড়া দাঁড়িয়ে আছেন খেলোয়াড়েরা।
ঘটনা হলো, ম্যাচ শেষ করে বাসে করে বাড়ির পথে রওনা দেয় ত্রুজিলানোস। কিন্তু বিশ্বরোডের মধ্যেই ছয় বন্দুকধারী বাস থামিয়ে তাতে উঠে পড়েন। ভারী অস্ত্রশস্ত্রও ছিল তাঁদের কাছে। বাসটিকে বিশ্বরোড ছেড়ে অনেক দূর নিয়ে গিয়ে পরে খেলোয়াড়দের কাছে যা ছিল সব কেড়ে নিয়ে কেটে পড়েন। খেলোয়াড়েরা বাধা দিলে নাকি গ্রেনেড দিয়ে সব উড়িয়ে দেওয়ারও হুমকি দেন।
ত্রুজিলানোস কর্তৃপক্ষ পরে বিবৃতিতে জানিয়েছে, ‘বাসটিকে অন্য পথে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ওরা সবকিছুই কেড়ে নিয়েছে।’ ভেনেজুয়েলার পুলিশ অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ভেনেজুয়েলায় এমন ছিনতাইয়ের ঘটনা এখন অনেক নিয়মিত। ২০১৪ সালে তেলের বাজারে ধস নামার পর থেকেই আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তেল নির্ভর দক্ষিণ আমেরিকান দেশটি। খাদ্য, চিকিৎসার তীব্র সংকটের কারণে লুট, ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডও বেড়ে চলেছে। সূত্র: এএফপি।