ম্যাচটা কিন্তু ‘রোনালদো বনাম বেলজিয়াম নয়’

পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ম্যাচটা কিন্তু বেলজিয়াম বনাম রোনালদো নয়’, মহারণের আগে মনে করিয়ে দিয়েছেন বেলজিয়াম ডিফেন্ডার ইয়ান ভার্টোগেন।

এদিকে রোনালদোর দারুণ ফর্মে পর্তুগালের শিরোপা ধরে রাখার আশার পালে হাওয়া লেগেছে। আজ বাংলাদেশ সময় রাত একটায় বেলজিয়াম-পর্তুগাল ম্যাচটা তাই প্রতিদ্বন্দ্বিতার উত্তাপই ছড়াবে।

বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু সেই উত্তাপ গায়ে মাখার আগে বোধ হয় খানিকটা হালকা হতে চাইলেন। টুইটারে ‘প্রশ্নোত্তর’ পর্বে অংশ নিয়ে লুকাকু জানিয়েছেন, তাঁর পছন্দের সিনেমার নাম ট্রেনিং ডে। তবে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন হালকা মেজাজি লুকাকুকে দেখে এমন ধরে নিলে কিন্তু ভুল হবে।

ইন্টার মিলানের হয়ে সিরি ‘আ’ জিতে পা রেখেছেন এবারের ইউরোয়। সেটিও বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’খ্যাত সতীর্থদের নিয়ে—গত বিশ্বকাপের আগে এমন তকমাই দেওয়া হয়েছিল তাদের।

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরলেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লুকাকু আর খালি হাতে ফিরতে রাজি নন। ব্যক্তিগত অর্জনের ভাবনা ছুড়ে ফেলে লুকাকুর সোজাসাপ্টা কথা, ‘ব্যক্তিগত বিষয়াদি ভুলে যান। আমি শিরোপা জয়ের জন্য খেলি।’

বেলজিয়ামের অনুশীলনে তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু।
ছবি: রয়টার্স

দেশের তৃণমূল পর্যায়ে এক দশকের বেশি সময় ধরে পরিকল্পনা কাজে লাগিয়ে কেভিন ডি ব্রুইনা, দ্রিস মের্টেনস, এডেন হ্যাজার্ডদের নিয়ে গড়া সোনালি প্রজন্মের দেখা পেয়েছে বেলজিয়াম। লুইস ফিগো, রুই কস্তা, নুনো গোমেজদের নিয়ে একসময় পর্তুগালেরও সোনালি প্রজন্ম ছিল, সেটা এই প্রজন্মের আগের কথা। তারা বড় কিছুই জিততে পারেনি। বেলজিয়ামের এই প্রজন্ম সে পথে হাঁটতে নারাজ।

রাশিয়া বিশ্বকাপে হয়তো তারা সেরা ফর্মে ছিল। সেমিফাইনাল থেকে বিদায়ের সেই ব্যথা এখনো কেউ ভোলেনি, জানালেন লুকাকুর ভাই জর্ডান, ‘বিশ্বকাপে ফ্রান্সের কাছে সেই হার এখনো কেউ ভুলতে পারেনি। এখন বোধ হয়, চাপটা আরও বেশি। কারণ, সময় পেরিয়ে যাচ্ছে।’

এবার ইউরোয় রোনালদো ও লুকাকু সেরা স্ট্রাইকারদের তালিকায় ওপরে থাকবেন। পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা রোনালদো, লুকাকু পেয়েছেন তিন গোল। কিন্তু র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় বেলজিয়াম শুধু রোনালদোকে নিয়ে ভাবছে না কাল জানিয়ে দেন ভার্টোগেন, ‘পর্তুগালের ইতিহাসে সে সেরা খেলোয়াড়। কিন্তু আগামীকালের (আজ) ম্যাচটা বেলজিয়াম বনাম রোনালদো নয়, পর্তুগাল বনাম বেলজিয়াম। তাদের অনেক ভালো খেলোয়াড় আছে।’

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে পর্তুগাল দল।
ছবি: রয়টার্স

নিজের দলের স্ট্রাইকার লুকাকুর ওপর ভরসা রাখছেন ভার্টোগেন। গত মৌসুমে সিরি ‘আ’-তে সেরা খেলোয়াড় হওয়া লুকাকুর জন্য এ ম্যাচ এক অর্থে রোনালদোর সঙ্গে দ্বৈরথও। রোনালদো সিরি ‘আ’-তে সর্বোচ্চ গোলদাতা হয়েও গত মৌসুমে শিরোপা জেতাতে পারেননি জুভেন্টাসকে।

নিজের সতীর্থকে নিয়ে ভার্টোগেনের মন্তব্য, ‘এককথায় বলতে পারি, সে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। তাকে ১৬ বছর বয়স থেকে জানি, নিজেকে সে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবেই গড়ে তুলেছে।’
তাহলে আজ রাতের ম্যাচটা তো বিশ্বের অন্যতম সেরা দুই স্ট্রাইকারের দ্বৈরথও!