>

ফিফা র্যা ঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ১২০ ধাপ! অস্ট্রেলিয়া ৬০, বাংলাদেশ ১৮০। ইতিহাস-ঐতিহ্য, সাফল্যের বিচারে দুটি দল র্যাঙ্কিংয়ের ব্যবধানের মতোই দূরত্বে দাঁড়িয়ে। ৩ সেপ্টেম্বর পার্থে বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের প্রথম সাক্ষাতে বাংলাদেশ উড়ে গেছে ৫-০ গোলে। চারবার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া আজ ফিরতি ম্যাচেও চাইবে দাপুটে জয়। বিস্ময়কর শোনালেও বাংলাদেশ কোচ ফাবিও লোপেজের লক্ষ্যও জয়! অবশ্য ফুটবল মাঠে গড়ানোর আগেই নায়কের আসনে বসে গেছে ‘কঠোর নিরাপত্তা’। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে ৫টায় শুরু খেলাটাই নাহয় সবার মন রাঙিয়ে দিক
রাজধানীর অভিজাত এলাকার একটি পাঁচতারা হোটেলে অস্ট্রেলিয়া দল এসে ঢুকল রাত নয়টার দিকে। আশপাশের রাস্তায় তখন নিরাপত্তার সাজসাজ রব। মাছি গলারও সুযোগ রাখেনি পুলিশ। এশীয় চ্যাম্পিয়নরা এভাবেই নিরাপত্তার রণডঙ্কায় রাজধানীতে এসে রাত ১০টায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনটা করল হোটেলেই।
আধঘণ্টা পিছিয়ে শুরু সংবাদ সম্মেলন, তবে এই পর্বটা পার হতে সাংবাদিকদেরও পোহাতে হলো নানা বিড়ম্বনা। নিরাপত্তার এমন কড়াকড়ি যে সংবাদ সম্মেলনকক্ষে ঢোকার অনুমতি মিলল অস্ট্রেলিয়া দলের কোচ ও অধিনায়ক আসার ঠিক আগে আগে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বলে এটির মর্যাদাই অন্য রকম, হোক প্রতিপক্ষ ফুটবলের তৃতীয় বিশ্বের বাংলাদেশ। পার্থে দুই দলের প্রথম সাক্ষাতে অস্ট্রেলিয়া ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলদেশকে। ফিরতি লড়াইয়ে সেই দলটাকেই চারবারের বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া কীভাবে দেখছে? কোচ অ্যাঞ্জে পোস্তেকগলু সমীহই দেখালেন বাংলাদেশকে, ‘প্রতিটি দলকেই আমরা সমান চোখে দেখি। শেষ ম্যাচে আমরা ভালো খেলেছি। আশা করি, সেই ধারাটা ধরে রাখব এখানে।’
দেশের বাইরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। অস্ট্রেলিয়া তো বাংলাদেশের সেই কন্ডিশনটা দেখলই না। মাঠও নয়। যেকোনো নতুন কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জই, কথাটা বলার পর একটু রসিকতাই করলেন যেন, ‘কন্ডিশন আমরা কাল বুঝে নেব।’ আর মাঠ? ‘মাঠে কিন্তু ঘাস থাকতে পারে’—পোস্তেকগলুর মুখে রসিকতা।
পার্থের দ্রুতগতির টার্ফে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি। এবার ঘরের মাঠে বাংলাদেশ দল চাইবে কিছুটা সুবিধা নিতে। কিছুটা ঘাস রেখে মাঠটা একটু ধীর করে দিতে পারলে স্বাগতিক দলের সুবিধাই হতে পারে।
অধিনায়ক মিলে জেডিনাক অবশ্য অস্ট্রেলিয়ার মতো ‘একই কন্ডিশন’ আশা করছেন। কোচের সঙ্গে তিনিও কণ্ঠ মেলালেন, ‘আমরা পেশাদার দল। সেভাবেই খেলতে চাই।’ তুলে আনলেন আগের ম্যাচে কিরগিজস্তানকে ৩-০ গোলে হারানোর কথাও। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ তিনটি ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখার ওপরও দিলেন জোর।
নিরাপত্তা নিয়ে যতই ভীতি থাকুক, মুখে অন্তত সেটির প্রকাশ নেই অস্ট্রেলিয়ার কোচ-অধিনায়কের। কোচ বলছিলেন, ‘ম্যাচেই আমাদের সব মনোযোগ। ওটা নিয়ে ভাবছি না, মাঠে ভালো পারফর্ম করাই মূল লক্ষ্য।’ কোচ ও অধিনায়ককে সবকিছুতেই দেখা গেল একমত। এমনকি, ‘আমরা কিছুটা ক্লান্ত’—এই কথায়ও।