ম্যাচের আগে হোটেল রুমে মৃত্যু আসতোরির

আজ উদিনেসের মাঠে নামার কথা ফিওরেন্টিনার। সে উদ্দেশ্যে কালই উদিনে চলে গিয়েছে তারা। কিন্তু ম্যাচটি আর খেলা হলো না তাদের। রাতে ঘুমের মাঝেই যে মৃত্যুবরণ করলেন দলের অধিনায়ক ডেভিডে আসতোরি। মাত্র ৩১ বছর বয়সে চিরবিদায় বলে দিলেন ইতালিয়ান এই ডিফেন্ডার।
ম্যাচ উপলক্ষে উদিনের লা দি মোরেত হোটেলে উঠেছিল ফিওরেন্টিনা দল। সে হোটেলের কক্ষেই আসতোরিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এক বিবৃতিতে ফিওরেন্টিনা জানিয়েছে, ‘ফিওরেন্তিনা প্রচণ্ড ধাক্কা খেয়েছে এবং ঘোষণা করতে বাধ্য হচ্ছে, আমাদের অধিনায়ক ডেভিডে আসতোরি মৃত্যুবরণ করেছেন। এমন ভয়ংকর সময়ে এবং তাঁর পরিবারের প্রতি সম্মান দেখানোর জন্য সংবাদমাধ্যমকে সহানুভূতি প্রকাশ করতে অনুরোধ করছি।’
এ ঘটনার পর উদিনেসের বিপক্ষে ম্যাচ বাতিল করা হয়েছে। ১২ বছরের ক্যারিয়ার ৬ বছর ক্যালিয়েরিতে খেলেছেন বলে তারাও নিজেদের ম্যাচ বাতিল করেছে। এর পর সিরি ‘আ’র বাকি সব ম্যাচই স্থগিত করা হয়েছে।
ইতালির হয়ে ১৪টি ম্যাচ খেলেছিলেন আসতোরি।