ম্যাচের পর টিম হোটেলে তুলকালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু গোল্ডকাপে হতাশ করেছেন ফুটবলাররা। তবে মাঠের পারফরম্যান্স যাই হোক, সেই ফুটবলারদের নিয়েই কাড়াকাড়িতে ব্যস্ত ক্লাব কর্মকর্তারা! সেমিফাইনালে হারের পর কাল রাতে টিম হোটেলে খেলোয়াড়দের নিয়ে যেন ‘যুদ্ধ’ শুরু হয়ে যায়!
স্টেডিয়াম থেকে পাশে টিম হোটেলে ফেরার আধা ঘণ্টা পরই শুরু হলো নাটক। ফুটবলারদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে অধিনায়ক মামুনুল ইসলামের কক্ষে ঢোকেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পরিচালক ইকবাল কবির খোকন। জাতীয় দলের ম্যানেজার ইলিয়াস হোসেনের দাবি, অস্ত্র নিয়ে মামুনুলদের তুলে নিতে এসেছিলেন এই কর্মকর্তাসহ একদল লোক।
ঘটনার পরপরই অবশ্য হোটেলে জাতীয় দলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ পুলিশি প্রহরায় ২৩ সদস্যের ফুটবল দলকে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হবে।
ঘটনার আকস্মিকতায় ফুটবলারদের অনেকেই ভয় পেয়ে যান। সেই বর্ণনা দিয়ে ইলিয়াস হোসেন বলছিলেন, ‘কারও অনুমতি ছাড়াই একজন অস্ত্রধারী মামুনুলের কক্ষে ঢোকে। পরিচয় জানতে চাইলে উল্টো সে আমার পরিচয় জানতে চায় এবং বলে, বাফুফে সভাপতি সালাউদ্দিনের নির্দেশে আমি এখানে এসেছি। কিন্তু পরে সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলে বুঝতে পারি সে মিথ্যা বলেছে। তাকে কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে দলনেতা আজমল ভাই ও অধিনায়কের সঙ্গে চরম দুর্ব্যবহার করে। পরে পুলিশের সহায়তায় তাকে নিচে নিয়ে যাওয়া হয়।’
শেখ জামালের খেলোয়াড়দের ক্লাবে নিয়ে যাওয়ার জন্যই ইকবাল কবির হোটেলে এসেছিলেন বলে জানালেন ইলিয়াস, ‘উনি এসেছিলেন ক্লাবে শেখ জামালের খেলোয়াড়দের রাতেই নিয়ে যেতে। কিন্তু আমরা বলেছি, ফুটবলারদের দেওয়ার আমরা মালিক নই। আমরা বাফুফের টিম ম্যানেজমেন্ট কমিটির কাছে ফুটবলারদের হস্তান্তর করব। তারাই ঠিক করবে ফুটবলাররা কোথায় যাবে।’
খবর পেয়ে আবাহনী, শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারা ছুটে আসেন হোটেলে। সবাই বিস্মিত, ক্ষুব্ধ।