ম্যাড়মেড়ে ম্যাচে দর্শকদের দুয়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনের মাসেই কনক্যাকাফ গোল্ডকাপ। কোপা আমেরিকায় অতিথি দল হিসেবে খেলার চেয়ে নিজের মহাদেশে শ্রেষ্ঠত্বের লড়াইটাই বেশি গুরুত্বপূর্ণ মেক্সিকোর কাছে। সে কারণেই কোপার দল থেকে মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা বিশ্রামে রেখেছিলেন হাভিয়ের হার্নান্দেজ, গিলের্মো ওচোয়া, কার্লোস ভেলা আর জিওভানি দস সান্তোসদের মতো মূল খেলোয়াড়দের। যার মূল্য মেক্সিকো দিল কোপায় নিজেদের প্রথম ম্যাচে। ফিফা র্যাঙ্কিংয়ে ৮৯ নম্বরে থাকা দুর্বল বলিভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করল ২৩ নম্বরে থাকা মেক্সিকো। চিলির ভিনা দেল মার স্টেডিয়ামে পরশু ম্যাচটাও এত ম্যাড়মেড়ে হয়েছে যে খেলা শেষে বিরক্ত দর্শকেরা দুয়ো দিয়েছে দুই দলের খেলোয়াড়দের।
নিরুত্তাপ ম্যাচে মেক্সিকো যে দু-একটি সুযোগ পেয়েছিল সেটাও কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা। ৭৯ মিনিটে বলিভিয়ার বক্সে ফাউলের শিকার হন মেক্সিকান মিডফিল্ডার হাভিয়ের আকিনো। কিন্তু পেনাল্টির আবেদনে সাড়া দেননি ম্যাচের প্যারাগুইয়ান রেফারি এনরিকে ক্যাসিরেস। সব মিলিয়ে ম্যাচ শেষে মেক্সিকান কোচ হেরেরার কণ্ঠে হতাশা, ‘আমরা সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। ৩ পয়েন্ট না পাওয়া আমাদের জন্য তিক্ত অভিজ্ঞতা।’ হেরেরার জন্য হয়তো আরও দুঃসংবাদ অপেক্ষা করছে। ম্যাচের ৬৪ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়েছেন তাঁর অধিনায়ক রাফায়েল মার্কেজ। দলের সবচেয়ে অভিজ্ঞ এই খেলোয়াড় পরের ম্যাচে খেলতে পারবেন কি না সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে মেক্সিকো পরের ম্যাচটা খেলবে স্বাগতিক চিলির সঙ্গে। একই দিন বলিভিয়ার প্রতিপক্ষ ইকুয়েডর। সনি সিক্স, এএফপি।