ম্যাথাউসেরও বাজি মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো মাস তিনেক বাকি। তবে ব্যালন ডি’অর লিওনেল মেসির হাতেই দেখে ফেলছেন অনেকে। নেইমার নাহয় বার্সেলোনা সতীর্থ হিসেবে সেটা দেখতেই পারেন, পরশু জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসও মেসিকেই পরিয়ে দিলেন বরমাল্য।
কয়েক দিন আগেই নেইমার বলেছিলেন, এবারের ব্যালন ডি’অরে মেসির কোনো প্রতিদ্বন্দ্বী দেখেন না। ১৯৯০-এর বিশ্বকাপজয়ী ম্যাথাউসের কণ্ঠেও একই সুর, ‘পুরস্কারটার যোগ্য এখন একজনই আছে, লিওনেল মেসি। ক্লাবের হয়ে সে দারুণ ফর্মে আছে। শুধু চ্যাম্পিয়নস লিগই জেতেনি, কোপা ডেল রে ও লিগের ডাবলও জিতেছে। যদিও আর্জেন্টিনার হয়ে একটুর জন্য শিরোপা পায়নি। এসব কিছুর পরও গোল রেকর্ড তার হয়ে কথা বলছে, বার্সার হয়ে তার সব প্রাপ্তিও। সে যে বাকিদের চেয়ে আলাদা, সেটাই প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছে। তার হাতে ট্রফিটা না গেলে তা হবে অবাক করার মতো।’
শুধু মেসি নন, আরেক দিকেও বার্সার সম্ভাবনা দেখতে পাচ্ছেন ম্যাথাউস। বর্ষসেরা কোচের পুরস্কারটাও নাকি উঠতে পারে বার্সেলোনার কোচ লুইস এনরিকের হাতে। তাঁর যুক্তি, ‘এই বছর যেহেতু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা বিশ্বকাপ হয়নি, ক্লাব ফুটবলের ওপরই মনোযোগটা বেশি হওয়া স্বাভাবিক। সেখানে তো বার্সেলোনা সবার চেয়ে অনেক এগিয়ে।’ গোল ডট কম।