ম্যান সিটি দৌড় থেকে বাদ, রোনালদো ইউনাইটেডেই ফিরছেন?
কী নাটকীয় একটা দিনই না কাটছে দলবদলের বাজারে! অবশ্য খেলোয়াড়ের নাম যখন ক্রিস্টিয়ানো রোনালদো, দলবদলের বাজারে ঝড় তো ওঠাই স্বাভাবিক।
জুভেন্টাস ছাড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, সেটি বাংলাদেশ সময় আজ বিকালে জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিই নিশ্চিত করে দিয়েছেন। দলবদলের এক দিক নিয়ে তাহলে গুঞ্জনের শেষ, কিন্তু দলবদলে মূল যে দিকটি নিয়ে আগ্রহ, রোনালদোর ভবিষ্যৎ গন্তব্য নিয়ে গুঞ্জনের কী অবস্থা? কোথায় যাচ্ছেন রোনালদো?
চরম নাটকীয়তা শেষে সেটা ধীরে ধীরে সম্ভবত পরিষ্কার হয়ে যাচ্ছে। গতকাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিই রোনালদোর পরবর্তী ক্লাব হবে বলে শোনা গেলেও আজ সেখানে দারুণ নাটক। শেষ পর্যন্ত খবর, ম্যান সিটি আর রোনালদোকে কিনছে না। বিবিসি, ম্যানচেস্টার ইভনিং নিউজসহ অনেক সংবাদমাধ্যম নিশ্চিত করে জানাচ্ছে, সিটি-রোনালদো আলোচনা আর এগোচ্ছে না।
এখন দৌড়ে আছে শুধু ম্যানচেস্টার ইউনাইটেডই। তাহলে কি যে ক্লাবের হয়ে তারকা হয়ে ওঠার শুরু, ৩৬ বছর বয়সে সেই ইউনাইটেডেই ফিরছেন পর্তুগিজ ফরোয়ার্ড? আরও কোনো নাটক না দেখলে তা-ই হয়তো হতে যাচ্ছে।
কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে গত কয়েকদিন দলবদল বাজার সরগরম। কিন্তু গতকাল থেকে সব আলো কেড়ে নিয়েছে এমবাপ্পে যাঁকে আদর্শ মেনে বেড়ে উঠেছেন, সেই রোনালদোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা। গতকাল পর্যন্ত গুঞ্জন ছিল, জুভেন্টাস ছাড়তে চাওয়া রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার সিটির দুই বছরের চুক্তির ব্যাপারে সমঝোতা হয়েই গেছে। শুধু সিটি আর জুভেন্টাসের মধ্যে দলবদলের ফি নিয়ে সমঝোতা হলেই রোনালদো হয়ে যেতেন সিটির।
কিন্তু আজ দৃশ্যপটে ১৮০ ডিগ্রি ঘূর্ণি! বাংলাদেশ সময় বিকেলে জুভেন্টাসের সংবাদ সম্মেলনে মাসিমিলিয়ানো আলেগ্রি জানিয়ে দিলেন রোনালদোর জুভেন্টাস ছাড়ার খবর। কিন্তু তখনো তো গুঞ্জনে ছিল ম্যান সিটির নাম। আলেগ্রির সংবাদ সম্মেলনের পর ইংল্যান্ডে বড় দলগুলোর প্রতিটির সংবাদ সম্মেলনেও রোনালদোই থাকলেন আলোচনায়। আগামীকাল লিগের তৃতীয় সপ্তাহে নামছে ইংলিশ ক্লাবগুলো, তার আগে আজ হয়েছে প্রায় প্রতিটি দলের সংবাদ সম্মেলন। সেখানে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ম্যানচেস্টার ইউনাইটেড কোচ উলে গুনার সুলশার, ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা সবার দিকেই প্রশ্ন গেল রোনালদোকে ঘিরে।
এরপরই ঘটনায় আকস্মিক বদল! বলতে গেলে সুলশারের এক কথায়ই যেন দলবদলের বাজারের সব শিরোনাম বদলে গেল! রোনালদোর সিটিতে যাওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্নে সুলশার বললেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো? আমাদের মধ্যে সব সময়ই দারুণ সম্পর্ক ছিল, যোগাযোগও ছিল। ব্রুনো (ফার্নান্দেজ) রোনালদোর সঙ্গে কথা বলে চলেছে, ও (রোনালদো) জানে আমরা ওর ব্যাপারে কী ভাবছি। ও যদি জুভেন্টাস ছাড়তেই চায়, ও জানে আমরা আছি।’
বলতে গেলে সরাসরিই ইঙ্গিত দিয়ে দিলেন সুলশার! তাতেই গুঞ্জনের শুরু, রোনালদোর জুভেন্টাস ছাড়ার গুঞ্জনের মধ্যেও এতদিন আশ্চর্যরকম নিশ্চুপ ইউনাইটেড তাহলে অবশেষে নামছে রোনালদোকে পাওয়ার দৌড়ে! এর মধ্যে সিটি কোচ গার্দিওলার সংবাদ সম্মেলনের পর রোনালদোর ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন আরও বাড়ল। গার্দিওলা বললেন, ‘এখনো (সিটি রোনালদোর চুক্তিতে) অনেক কিছু আছে যেগুলো সমঝোতা থেকে অনেক দূরে।’
গতকাল থেকেই খবর আসছিল, রোনালদোকে পেতে কত খরচ করতে হবে, এ নিয়ে জুভেন্টাস-সিটির মিলছিল না। সিটি চাইছিল জুভেন্টাসে চুক্তির এক বছর বাকি থাকা রোনালদোকে বিনামূল্যে পেতে। জুভেন্টাসের চাওয়া ছিল আড়াই থেকে তিন কোটি ইউরো। টাকা না হলে খেলোয়াড়ের অদলবদল হবে? সেখানেও প্রস্তাবে মিলছিল না। জুভেন্টাস রোনালদোর বদলে সিটি থেকে গাব্রিয়েল জেসুসকে চাইছিল, কিন্তু গার্দিওলা জেসুসকে ছাড়তে রাজি নন। রাহিম স্টার্লিং বা বের্নার্দো সিলভাকে ছাড়তে তাঁর আপত্তি থাকত না।
এর মধ্যে স্কাই স্পোর্টসের সাংবাদিক কাভেহ সলিয়েকল জানালেন, সিটির কর্তাদের মধ্যে অনেকেই রোনালদোকে দলে আনা নিয়ে সন্দিহান ছিলেন। ইতালিয়ানর সাংবাদিক জিয়ানলুকা দি মারজিও জানালেন, সিটি রোনালদোর জন্য কোনো টাকা খরচ করতেই রাজি ছিল না। আর আজ বাংলাদেশ সময় বিকালে আরেক ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানালেন, কাল রাত থেকেই রোনালদোর মুখপাত্র জর্জ মেন্দেস ম্যান ইউনাইটেডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।
শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে খবর এল, ম্যান সিটি আর রোনালদোকে পাওয়ার দৌড়েই নেই! এখন আলোচনায় শুধু ইউনাইটেড। ম্যানচেস্টার শহরের পত্রিকা ম্যানচেস্টার ইভনিং নিউজ জানাচ্ছে, গতকাল রাতে ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ফোন করেছিলেন রোনালদোকে, পাশাপাশি রিও ফার্ডিনান্ডসহ ইউনাইটেডে রোনালদোর সাবেক অনেক সতীর্থও তাঁকে ইউনাইটেডে ফিরতে উৎসাহ দিয়েছিলেন।
শেষ পর্যন্ত সম্ভবত তা-ই হতে যাচ্ছে। ম্যানচেস্টার ইভনিং নিউজ লিখেছে, রোনালদোর স্বাস্থ্যপরীক্ষা কবে হবে, সেটি নিয়ে পরিকল্পনা করছে ইউনাইটেড। স্বাস্থ্যপরীক্ষা পর্তুগালের লিসবনে হতে পারে। রোনালদোকে দুই বছরের চুক্তির প্রস্তাব দেবে ইউনাইটেড।
রোনালদোর জন্য জুভেন্টাসকে ২৫ মিলিয়ন বা আড়াই কোটি ইউরো দিতে পারে ইউনাইটেড, এমনটাই জানাচ্ছেন জিয়ানলুকা দি মারজিও। রোনালদো-পগবার অদলবদলের গুঞ্জনও মাঝে শোনা গেলেও জুভেন্টাস কোনো খেলোয়াড়ের অদলবদলে আগ্রহী নয় বলে জানাচ্ছে ইতালিয়ান পত্রিকা লা গাজেত্তা দেল্লো স্পোর্ত।