এই লেখা যখন ছাপা হবে, আমরা থাকব কাতারের দোহায়। ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে কীভাবে ভালো করব, তা নিয়েই আমাদের যত চিন্তা। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের এই ব্যস্ততার ফাঁকেই চ্যাম্পিয়নস লিগের আজকের ফাইনাল দেখতে আমি উদ্গ্রীব হয়ে আছি।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আমার ফেবারিট ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে তারা চ্যাম্পিয়ন। পেপ গার্দিওলার সময়ে চার মৌসুমে সিটি চ্যাম্পিয়ন তিনবার। ইংলিশ ফুটবলে সিটির কতটা দাপট চলছে, ছোট্ট এই পরিসংখ্যানেই ফুটে ওঠে সব।
২০০৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীর হাতে চলে যাওয়ার পর সিটিতে অর্থের প্রবাহ বেড়েছে অনেক। দেদার খেলোয়াড় কিনছে তারা চড়া দামে। হাইপ্রোফাইল খেলোয়াড় আছে দলটিতে।
সিটির দলীয় বোঝাপড়া বেশ ভালো। সর্বোচ্চ দামের ডিফেন্ডাররা এই দলে খেলছেন। গার্দিওলার আমলে গত ৪ বছরে সিটি ৯ জন ডিফেন্ডার ও ২ জন গোলকিপার নিয়েছে প্রায় ৫১ কোটি ইউরো ব্যয়ে। সিটির এই ব্যয়বহুল রক্ষণ ভাঙা কঠিনই হবে আজ চেলসির জন্য।
তবে চেলসি অনেক উন্নতি করেছে নতুন কোচ টমাস টুখেলের অধীনে, যার প্রতিফলন ইউরোপ–সেরার আসরে ফাইনালে উঠে আসা। দলটির শক্তি তরুণ খেলোয়াড়েরা।
তাই সিটির পক্ষে মোটেও সহজ হবে না চেলসিকে হারানো। তবু বলছি, সিটির সম্ভাবনাই বেশি। আমার মতে, আজকের ফাইনালে সিটির জয়ের সম্ভাবনা ৬০ ভাগ, চেলসির ৪০ ভাগ।
চেলসির মাঝমাঠের অন্যতম চালিকা শক্তি ফ্রান্স জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার কান্তে। প্রতিপক্ষের জন্য আজ তিনি বিপজ্জনক হতে পারেন। কান্তের ওপর চোখ রাখব আমি।
তবে এর চেয়েও বেশি চোখ রাখব সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার ওপর। সিটির ফাইনাল-ভাগ্যের অনেক কিছু নির্ভর করছে ডি ব্রুইনার ওপর। তিনি এমন এক খেলোয়াড়, যে খেলাটা নিয়ন্ত্রণ করেন। আজও ঠিকঠাক নিজের দায়িত্ব পালন করতে পারলে পোর্তোতে গার্দিওলার মুখেই থাকতে পারে শেষ হাসি।
ইংলিশ ফুটবলে আমি সেভাবে কোনো দলের সমর্থক নই। তবে প্রিমিয়ার লিগের খেলা দেখি। প্রচণ্ড দ্রুতগতির ম্যাচগুলো থেকে আসলে চোখ সরানো কঠিন। খুবই উপভোগ্য হয় ম্যাচগুলো। বিশেষ করে খেলোয়াড়দের পায়ে নৈপুণ্য খুঁজি। কান্তে, কেভিন ডি ব্রুইনারা সব সময় আমার মনোযোগের কেন্দ্রে থাকেন। আরও অনেকের খেলা আমি পছন্দ করি।
সবাই চায় ফাইনাল উপভোগ্য ও আনন্দময় হোক। আজ ‘অল ইংল্যান্ড ফাইনাল’ সেই প্রতিশ্রুতি দিচ্ছে। আমার ধারণা, দারুণ একটি ফাইনালই হবে।