ম্যান সিটির শেষ সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার লড়াই আজ বায়ার্ন মিউনিখের সঙ্গে। ম্যানচেস্টার সিটির জাবালেতা, কোম্পানি, মিলনাররাও তাই মগ্ন অনুশীলনে l রয়টার্স
চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার লড়াই আজ বায়ার্ন মিউনিখের সঙ্গে। ম্যানচেস্টার সিটির জাবালেতা, কোম্পানি, মিলনাররাও তাই মগ্ন অনুশীলনে l রয়টার্স

এ সময় তো হওয়ার কথা কথার লড়াই। অথচ ম্যানুয়েল পেলেগ্রিনি সেই পথে না হেঁটে উল্টো পেপ গার্দিওলার মহিমা-কীর্তন করছেন! প্রতিপক্ষ কোচের প্রসঙ্গ উঠতেই বারবার বলছেন, ‘কী দারুণ কোচ গার্দিওলা! বার্সেলোনার হয়ে সাফল্যই তার পক্ষে কথা বলে। এখন তো বায়ার্ন মিউনিখের হয়েও খুব ভালো করছে। আমার ধারণা, সে ইংল্যান্ডে কোচ হলেও বেশ ভালো করবে।’
হঠাৎ কেন পেলেগ্রিনির এমন গার্দিওলা-কীর্তন? কে জানে, হয়তো এটাও একটা কৌশল। মাঠে নামার আগে প্রতিপক্ষের ওপর সব প্রত্যাশার ভার চাপিয়ে নিজের হালকা হয়ে যাওয়া। ব্যাপারটা অনেকটা এ রকম—তোমরা বেশি ভালো, সব প্রত্যাশা তোমাদের ওপর, এবার চাপ সামলাও!
এ ছাড়া পেলেগ্রিনির করারও তো কিছু নেই। এবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে ৪ ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট তাঁর দল ম্যানচেস্টার সিটির। ইতিহাদ স্টেডিয়ামে আজ বায়ার্ন মিউনিখের কাছে হারলে সর্বশেষ চার মৌসুমে তৃতীয়বারের মতো গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হবে। ড্র করলে আশা কিছুটা বেঁচে থাকবে, যদি মস্কোতে সিএসকেএ-রোমা অন্য ম্যাচটাও ড্র হয়। এমন অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে কি আর প্রতিপক্ষের সঙ্গে কথার লড়াইয়ে যাওয়া যায়! কোচের মতো তাই বাস্তববাদী হয়ে উঠেছেন সিটি মিডফিল্ডার সামির নাসরিও, ‘আমি তো বলব আমরা খুবই ভাগ্যবান যে অঙ্কের হিসাবে এখনো আমাদের সম্ভাবনা আছে। সাধারণত ৪ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়ার মানে হচ্ছে আপনি বাদ পড়ে গেছেন।’ এই বিশাল চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সিটির সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে রাশিয়ার লোকোমোটিভ মস্কো ও পর্তুগালের পোর্তো। ২০০২-০৩ মৌসুমে প্রথম ৪ ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেয়েও পরের রাউন্ডে উঠেছিল লোকোমোটিভ, ২০০৪-০৫ মৌসুমে শেষ ষোলোতে খেলা পোর্তোর গ্রুপের প্রথম ৪ ম্যাচের পর পয়েন্ট ছিল ২!
বায়ার্নের অবশ্য এসব অনুপ্রেরণার দরকার হচ্ছে না। গত আগস্টে জার্মান সুপার কাপে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হারের পর সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৮ ম্যাচ অপরাজিত গার্দিওলার দল। চ্যাম্পিয়নস লিগেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে রেখেছে দুই ম্যাচ হাতে রেখেই।
বায়ার্নের মতোই নকআউট পর্ব নিচিত হয়ে আছে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনার। তবে প্যারিস সেন্ট-জার্মেইকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে অ্যাপোয়েল নিকোশিয়ার সঙ্গে আজকের ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ হতে পারে লুইস এনরিকের দলের জন্য। বার্সা সমর্থকেরা আজ নিকোশিয়ার জিএসপি স্টেডিয়ামের ম্যাচটায় চোখ রাখবে আরও একটা কারণে। এ মাসের শুরুতে আয়াক্সের বিপক্ষে জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা রাউলকে (৭১ গোল) ছুঁয়েছেন মেসি। আজ একটা গোল পেলেই রেকর্ডটা এককভাবে নিজের করে নেবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সদ্যই লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়া মেসিকে ঘিরে তাই কাতালান উৎসব দীর্ঘায়িত হতে পারে আরও।
শালকের বিপক্ষে আজ জয় নকআউট পর্ব নিশ্চিত করে দেবে চেলসিরও। তবে এ ম্যাচে চোখ রাখার কারণ আছে আরও। চেলসিকে একমাত্র চ্যাম্পিয়নস লিগ জেতানো রবার্তো ডি মাত্তেও এখন শালকের কোচ। ব্রিটিশ সংবাদমাধ্যম তাই ম্যাচটাকে বলছে ‘হোসে মরিনহো বনাম ডি মাত্তেও’। তবে এসব কথায় একেবারেই কান দিচ্ছেন না মরিনহো, ‘এটা তো চেলসির সঙ্গে শালকের ম্যাচ। আমি তো আর ওর (মাত্তেও) বিপক্ষে খেলব না। আমি যদি ওর বিপক্ষে খেলি তাহলে হেরে যাব, কারণ সে আমার চেয়ে ভালো খেলোয়াড়। ওর ফিটনেসও আমার চেয়ে ভালো।’ এএফপি।
আজ মুখোমুখি
সিএসকেএ মস্কো - এএস রোমা
বাতে বরিসভ - এফসি পোর্তো
ম্যানচেস্টার সিটি - বায়ার্ন মিউনিখ
অ্যাপোয়েল নিকোসিয়া - বার্সেলোনা
শালকে জিরো ফোর - চেলসি
পিএসজি - আয়াক্স আমস্টারডাম
শাখতার দোনেৎস্ক - অ্যাথলেটিক বিলবাও
স্পোর্টিং লিসবন - মারিবর
 প্রথমে স্বাগতিক দল
 গার্দিওলা ও পেলেগ্রিনি লা লিগায়ও দুবার মুখোমুখি হয়েছেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে। দুবারই জিতেছে গার্দিওলার দল
 ইংলিশ দলগুলোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের পরিসংখ্যান—৫ জয়, ৮ ড্র, ৬ হার
 এ মৌসুমে এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় কোনো ম্যাচ হারেনি চেলসি ও পিএসজি