ম্যান সিটির সোমবার-ভাগ্য!

সোমবার দিনটা কি এবারও সৌভাগ্য বয়ে আনবে ম্যানুয়েল পেলেগ্রিনি আর ম্যানচেস্টার সিটির জন্য? সর্বশেষ পাঁচ বছরে যে দলটাই প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে, তাদের মৌসুমের শুরুটা হয়েছে সোমবারের ম্যাচ দিয়ে। সিটির এই মৌসুমের শুরুটাও তো হলো গত সোমবার, ওয়েস্ট ব্রমকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়ে।
রাহিম স্টার্লিংয়ের আশাজাগানিয়া অভিষেক এবং ডেভিড সিলভার প্রায় নির্ভুল পারফরম্যান্সের পাশাপাশি পেলেগ্রিনিকে সবচেয়ে বেশি ভরসা দেবে ইয়াইয়া তোরের ফিরে আসা। গত মৌসুমে ফর্ম নিয়ে যুঝেছেন। এবার প্রথম ম্যাচেই এই আইভরিয়ানের খেলায় নতুন অভিযানের উন্মাদনা। পুরো ম্যাচেই তাঁর গতি, দক্ষতা আর শারীরিক শক্তি দিয়ে ব্যতিব্যস্ত রেখেছেন ওয়েস্ট ব্রমের মাঝমাঠ ও রক্ষণকে। ম্যাচে দুটি গোল করেছেন ৯ ও ২৪ মিনিটে। দ্বিতীয় গোলটি তো দুর্দান্ত। আইভরিয়ান সতীর্থ উইলফ্রায়েড বোনির সঙ্গে দেওয়া-নেওয়া করে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁকানো শটটি অনেক দিন চোখে লেগে থাকবে। ম্যাচের ৬০ মিনিটে সিটির তৃতীয় গোলটি সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির। এএফপি।