ম্যানচেস্টার ইউনাইটেডের কাছেও হারল রিয়াল

অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর কিছুটা টালমাটালই হয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসমে ডেভিড ময়েসের তত্ত্বাবধানে শুধু ব্যর্থতাই সঙ্গী হয়েছে রেড ডেভিলদের। কিন্তু খুব দ্রুতই হয়তো হারানো মর্যাদা ফিরে পেতে যাচ্ছে তারা। ডাচ কোচ লুইস ফন গালের ছোঁয়ায় যেন আবার প্রাণ ফিরে পাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল ইউরোপসেরা রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে তেমন ইঙ্গিতই দিয়েছে ইংল্যান্ডের সবচেয়ে সফল এই ক্লাবটি।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের তিনটি ম্যাচের দুটিতে জয় ও একটি ড্র দিয়ে ফাইনালেও চলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামীকাল ফাইনালে তাদের প্রতিপক্ষ লিভারপুল। অন্যদিকে এই প্রাক-মৌসুম প্রীতি টুর্নামেন্টের একটি ম্যাচেও জয় পায়নি রিয়াল মাদ্রিদ। ইন্টার মিলান ও রোমার বিপক্ষে হারের পর গতকাল হেরেছে ম্যানইউয়ের বিপক্ষেও।
২১ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছিলেন অ্যাশলে ইয়ং। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফিরিয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার গ্যারেথ বেল। ৩৭ মিনিটে আবারও ম্যানইউকে এগিয়ে দেন ইয়ং। ইংলিশ এই মিডফিল্ডারের জোড়া গোলের সুবাদেই প্রথমার্ধটা ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে, ৮০ মিনিটে জয়ের ব্যবধানটা বাড়িয়ে দিয়েছেন বদলি হিসেবে নামা জাভিয়ের হার্নান্দেজ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পেয়েছে রেড ডেভিলরা।
ইউরোপের অন্যতম সেরা দুটি ক্লাবের লড়াই দেখতে মিশিগান স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বিপুলসংখ্যক দর্শক। যুক্তরাষ্ট্রে কোনো ফুটবল ম্যাচে সবচেয়ে বেশি দর্শকের নতুন এক রেকর্ডই হয়ে গেছে গতকাল। এক লাখ নয় হাজারেরও বেশি দর্শকের সামনে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এর আগে যুক্তরাষ্ট্রে কোনো ফুটবল ম্যাচে সবচেয়ে বেশি দর্শক হয়েছিল ১৯৮৪ সালের অলিম্পিকে। সেবার ফ্রান্স ও ব্রাজিলের ফাইনাল ম্যাচটি দেখতে এসেছিলেন এক লাখ এক হাজার দর্শক।— রয়টার্স