ম্যানচেস্টার ডার্বি নয়, বার্সা কোচ দেখবেন সেল্টা ভিগোর ম্যাচ!

লা লিগায় রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে আজ। মাঠে নামছে বার্সেলোনাও। সিরি ‘আ’-তে জুভেন্টাসের ম্যাচ, প্রিমিয়ার লিগে লিভারপুল খেলবে, ম্যাচ আছে আর্সেনালেরও। কিন্তু এগুলো কোনোটাই নয়, ইউরোপের সবচেয়ে বড় ম্যাচটা আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ওল্ড ট্রাফোর্ডে। যেখানে মুখোমুখি হচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটি। ইউনাইটেড বা সিটি সমর্থক না হলেও যেকোনো ফুটবলপ্রেমীরই আগ্রহ থাকার কথা আজকের এই ম্যাচটা নিয়ে। আগ্রহ আছে বার্সেলোনা কোচ লুইস এনরিকেরও। কিন্তু এনরিকে ওই ম্যাচটা দেখবেন না! কেন? প্রায় একই সময়ে লা লিগায় সেল্টা ভিগো খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। নিজের সাবেক ক্লাবের ম্যাচ বাদ দিয়ে ম্যানচেস্টার ডার্বি কী করে দেখেন এনরিকে!
বার্সেলোনার দায়িত্ব নেওয়ার আগে এক মৌসুম সেল্টা ভিগোর কোচ ছিলেন এনরিকে। ব্যালাইদোস ছেড়ে এসেছেন, কিন্তু সাবেক ক্লাবের প্রতি টানটা এখনো রয়ে গেছে এনরিকের। সেল্টার খেলা থাকলে তাই পারতপক্ষে মিস করেন না বার্সেলোনা কোচ। করবেন না আজও। তাই বলে কি ম্যানচেস্টার ডার্বি দেখবেনই না এনরিকে? দেখবেন। কীভাবে সেটাও বললেন বার্সেলোনা কোচ, ‘আমি ডার্বি দেখব। তবে সম্ভবত ম্যাচটা রেকর্ড করে পরে দেখতে হবে। কারণ ওই সময় সেল্টার ম্যাচ আছে। আশা করছি দারুণ ম্যাচ হবে।’
সেটার ম্যাচের পর আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় অবশ্য এনরিকের নিজের দল বার্সেলোনাই খেলবে লা লিগার নবাগত দল আলাভেজের বিপক্ষে। গোল ডটকম।