ম্যানচেস্টার নীলও না, লালও না

জয়ের ইচ্ছে ছিল না কোনো দলেরই।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ম্যাচ জেতার কোনো আগ্রহই দেখা যায়নি খেলোয়াড়দের মধ্যে। আজ যদি ডাগআউটে জোসে মরিনিও থাকত, তাহলে আমরা সবাই মিলে এখন ওর মুণ্ডুপাত করতাম।’

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের টক শোতে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তি গ্যারি নেভিল যেন গোটা ম্যাচ রিপোর্টই এক বাক্যে বলে দিলেন। ম্যানচেস্টারের দুই দলই হার এড়ানোর জন্য ছিল বদ্ধপরিকর। ঠিক সে কারণেই কি না, কারওর মধ্যে সেই ক্ষুরধার ভাবটাই দেখা যায়নি। ঠিকঠাক আক্রমণেই আগ্রহ দেখায়নি কেউ। ফলে, যা হওয়ার সেটিই হয়েছে। ওল্ড ট্রাফোর্ডে ম্যাড়মেড়ে এক গোলশূন্য ড্র হয়েছে ম্যানচেস্টার ডার্বি।

ম্যানচেস্টার ডার্বি হয়েছে ম্যাড়মেড়ে।
ছবি: রয়টার্স

সব প্রতিযোগিতা মিলিয়ে ওলে গুনার সুলশারের বিপক্ষে এর মধ্যেই তিন ম্যাচ হেরে বসে আছেন পেপ গার্দিওলা। চতুর্থবার যেন হারতে না হয়, এ জন্য বেশ সাবধানী কৌশল অবলম্বন করতে দেখা গেছে তাঁকে। সাধারণত, বল পায়ে দক্ষ একজন রক্ষণাত্মক মিডফিল্ডারের (সাধারণত রদ্রি) সঙ্গে মুক্তভাবে ঘোরাফেরা করতে থাকা আক্রমণাত্মক মানসিকতার দুই মিডফিল্ডার (সাধারণত, কেভিন ডি ব্রুইনা ও বের্নার্দো সিলভা/ইলকায় গুন্দোয়ান) নিয়েই ৪-৩-৩ ছকে একাদশ সাজাতে দেখা যায় পেপ গার্দিওলাকে। কাল ঠিক সেটা ছিল না। এর আগে গার্দিওলার দলকে সুলশার যতবার বশ মানিয়েছেন, প্রত্যেকবারের রেসিপি একই ছিল। দম আটকে রক্ষণ করে দ্রুত প্রতি–আক্রমণে উঠে মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি মার্সিয়াল, ব্রুনো ফের্নান্দেস ও মেসন গ্রিনউডদের গতিকে কাজে লাগিয়ে গোল দাও। ইউনাইটেডের বিদ্যুৎ–গতির প্রতি-আক্রমণ সামলাতে প্রতিবারই হিমশিম খেয়েছেন গার্দিওলা, ম্যাচ হেরে বসেছেন। এবার এমনটা হতে দিতে চাননি। ফলে রদ্রির পাশে পোড় খাওয়া রক্ষণাত্মক মিডফিল্ডার ফার্নান্দিনিওকেও নামিয়ে দিয়েছিলেন গার্দিওলা, যাতে গুট করে ইউনাইটেড প্রতি-আক্রমণে উঠলেও রক্ষণভাগ একটা বাড়তি নিরাপত্তা পায়। সেটা করতে গিয়ে উল্টো নিজেদের গোল করার সুযোগ কমিয়ে দিয়েছেন গার্দিওলা।

সাবধানী ফুটবলে লাভবান দুই ম্যানচেস্টারই।
ছবি: রয়টার্স

সিটি যে গোল করার সুযোগ পায়নি, তা নয়। ডে ব্রুইনা, মাহরেজ, স্টার্লিংদের কল্যাণে বেশ কয়েকবার সুযোগ এসেছিল সিটির কাছে। কিন্তু বাজে ফিনিশিং, টাইমিংয়ে গড়বড়, ঠিক সময়ে শট নিতে না পারা—সব মিলিয়ে কপাল পুড়েছে সিটির। ওদিকে ইউনাইটেড যথারীতি প্রতি–আক্রমণের জায়গা না পেয়ে খাবি খেয়েছে। হারলে চাকরি হারাতে হতে পারে, এ জন্য নিরাপদ খেলার চেষ্টা করেছেন সুলশারও। প্রচুর ভুল পাস দিয়েছে দুই দলই। ফলে, খেলাটা আরও বেশি দৃষ্টিকটু হয়েছে। ৪৮ মিনিটে রাশফোর্ডের কল্যাণে ম্যানচেস্টার ইউনাইটেড একটা পেনাল্টি পেলেও পরেও ভিএআরের মাধ্যমে দেখা যায়, রাশফোর্ড অফসাইডে ছিলেন। ফলে, এই ম্যাচে অন্তত ইউনাইটেডের পেনাল্টি-ভাগ্যটা সুপ্রসন্ন ছিল না।

১১ ম্যাচ শেষে ইউনাইটেডের অবস্থান পয়েন্ট টেবিলের সাত নম্বরে, সিটি আছে আটে। দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র এক।