ম্যানচেস্টার বিভক্ত হওয়ার আগে করোনার ‘খেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার ডার্বিতে আজ রাতে কঠিন পরীক্ষা দিতে হবে সিটি কোচ পেপ গার্দিওলাকে
ছবি: টুইটার

ওল্ড ট্রাফোর্ডে আজ রাতে লিগ কাপ সেমিফাইনালে বিভক্ত হয়ে পড়বে ম্যানচেস্টার। লাল ও নীল অংশের এই লড়াইও সংক্রমিত করোনাভাইরাসে।

নতুন করে আরও তিন সংক্রমণের খবর পাওয়া গেছে ম্যানচেস্টার সিটিতে। দুজন খেলোয়াড় এবং একজন স্টাফ সদস্য।

সিটির এ নিয়ে মোট ৮ খেলোয়াড় সংক্রমিত করোনাভাইরাসে। সর্বশেষ পরীক্ষায় গোলরক্ষক স্কট কারসন ও ১৮ বছর বয়সী মিডফিল্ডার কোল পালমার পজিটিভ। স্টাফদের মধ্যে পজিটিভ ব্যক্তির নাম জানা যায়নি।

বাংলাদেশ সময় আজ রাত ১টা ৪৫ মিনিটে ইউনাইটেডের মাঠে নামবে সিটি। কারসন ও পালমার কোচ পেপ গার্দিওলার মূল দলে অপরিহার্য সদস্য নন।

ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘স্কট কারসন, কোল পালমার ও স্টাফদের এক সদস্যের কোভিড-১৯–এ আক্রান্তের খবর নিশ্চিত করছে। যুক্তরাজ্য সরকার ও প্রিমিয়ার লিগের কোয়ারেন্টিন নিয়ম অনুযায়ী তাঁরা থাকবেন। স্কট, কোলসহ বাকিদের দ্রুত আরোগ্য কামনা করছে ক্লাব।’

এ মৌসুমে করোনার কারণে সিটির এক ম্যাচ স্থগিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচটি স্থগিত হয়। মূল দলের এরিক গার্সিয়া, কাইল ওয়াকার ও গ্যাব্রিয়েল জেসুস করোনায় আক্রান্ত।

তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই চেলসি ও নিউক্যাসলের বিপক্ষে জিতেছে। ইংল্যান্ডে করোনা পরিস্থিতির অবনতি ঘটার ঢেউ লেগেছে ইংলিশ প্রিমিয়ার লিগেও। খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে এক সপ্তাহে ৪০ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে।

মর্যাদার এই ‘ম্যানচেস্টার ডার্বি’র আগে করোনায় ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছেন গার্দিওলা, ‘আমাদের হাতে খুব বেশি খেলোয়াড় নেই। এক, দুই ম্যাচ ঠিক আছে কিন্তু বেশি দিন ১৪–১৫ জন খেলোয়াড় নিয়ে চলাটা কঠিন। তবে বিশ্বের বাকিদের মতো আমাদেরও মানিয়ে নিতে হবে। এ ছাড়া আর কোনো পথ নেই।’

সর্বশেষ এরিক গার্সিয়ার সংক্রমণের খবর জানিয়েছিল সিটি। সিটির ষষ্ঠ খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হন ১৯ বছর বয়সী এ সেন্টারব্যাক, ‘এরিক গার্সিয়া এবং আরও স্টাফের করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করছে ম্যানচেস্টার সিটি। দ্রুত আরোগ্য লাভ করে সবার অনুশীলনে ফেরার অপেক্ষায় সবাই।’