ম্যানচেস্টার সিটির বিপক্ষে মেসির খেলা হবে তো?
অলিম্পিক লিওঁর বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার বেশ আগে লিওনেল মেসিকে উঠিয়ে নেওয়ার ঘটনা নিয়ে অনেক কথা হয়েছে। পরে জানা যায়, মেসির ভালোর জন্যই তাঁকে উঠিয়ে নিয়েছেন পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো। হাঁটু বেশ ভোগাচ্ছিল মেসিকে। যে কারণে মেসের বিপক্ষে ফরাসি লিগের পরবর্তী ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। মেসিকে ছাড়াই মেসকে ২-১ গোলে হারায় পিএসজি।
শুধু মেসই নয়, এখন দেখা যাচ্ছে মঁপেলিয়ের বিপক্ষেও একই কারণে মেসি মাঠের বাইরে থাকবেন।
পিএসজি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেরাই বিষয়টা নিশ্চিত করেছে। ফরাসি লিগে ১০ নম্বরে থাকা দলের বিপক্ষে জিততে হয়তো মেসির দরকার হবে না পিএসজির মতো শক্তিশালী দলের।
কিন্তু চিন্তার বিষয় সেটা নয়। আজ মঁপেলিয়ের বিপক্ষে মাঠে নামা পিএসজি আগামী মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। যে সিটির বিপক্ষে হেরে একই প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে গতবার বিদায় নিয়েছিল পিএসজি।
পচেত্তিনো যদিও আশাবাদী, সিটির বিপক্ষে মেসিকে দেখা যাবে। ম্যাচ ফিটনেস এখনো না এলেও এর মধ্যেই হালকা অনুশীলন শুরু করে দিয়েছেন আর্জেন্টাইন তারকা, জানিয়েছেন পচেত্তিনো। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা আশাবাদী, মেসি সিটির বিপক্ষে খেলবে। মেসি আজ হালকা দৌড়াদৌড়ি করেছে। আমরা ওর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখব, ওর কী অবস্থা। আশা করব, ওর যেন উন্নতি হয়।’
মেসির স্বাস্থ্য পরীক্ষা করে রোববারের মধ্যে ইতিবাচক একটা খবর পাওয়া যাবে বলে আশা করছেন পচেত্তিনো। তিনি বলেন, ‘ওর আসা পর্যন্ত অপেক্ষা করা যাক। আমাদের সতর্ক থাকতে হবে। পরের দিনগুলোয় কী হয়, দেখা যাক। আশা করি, কাল রোববারের মধ্যে একটা ইতিবাচক খবর দিতে পারব। সব ঠিকঠাক থাকলে ও অবশ্যই খেলবে।’
তবে মেসি খেলুক বা না–ই খেলুক, স্বদেশি আনহেল দি মারিয়া সিটির বিপক্ষে খেলছেন না। সিটির বিপক্ষে গত মৌসুমের ম্যাচে লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন দি মারিয়া। সে শাস্তি এখনো বয়ে বেড়াচ্ছেন। সে কারণে আজ মঁপেলিয়ের বিপক্ষে দি মারিয়াকে খেলাবেন পচেত্তিনো।