ম্যানচেস্টারে অনুশীলন করা রিপনকে আর্থিক সহায়তা

ম্যানচেস্টারে অনুশীলন করে আসা ফুটবলার রিপন কুমার দাস ফরিদপুরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। গত ১৩ জুলাই এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয় প্রথম আলোর খেলার পাতায়। সে প্রতিবেদন পড়ে রিপনকে সহায়তা করার জন্য এগিয়ে এসেছেন অনেকেই। আজ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব তরফদার রুহুল আমিন রিপনের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। এর আগে রিপনকে ১০ হাজার টাকা করে দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ও ফর্টিজ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর শাহাদাত হোসেন।
শুধু রিপন নয়, আরও দুই দুই ফুটবলারের সহযোগিতায়ও এগিয়ে এসেছেন বিডিডিএফএ সভাপতি । অগ্রণী ব্যাংক ও বাসাবো তরুণ সঙ্ঘের হয়ে খেলতেন আরিফ হাওলাদার ও হাসান আল মামুন। করোনাকালে খেলা বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়ে নারায়নগঞ্জে শ্রমিকের কাজ করেন আরিফ, খুলনায় ইজি বাইক চালান মামুন। ঢাকায় ডেকে এনে তাদের হাতেও তুলে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে। এছাড়া এই তিন ফুটবলারকেই যোগ্যতা অনুযায়ী সাইফ স্পোর্টিং ক্লাব বা চট্টগ্রাম আবাহনীতে খেলার ব্যবস্থা করা হবে জানিয়েছেন ক্লাব দুইটি পরিচালনার দায়িত্বে থাকা রুহুল আমিন।