ম্যানচেস্টারে প্রতিদিন বৃষ্টি হয়, ওখানে যেও না মেসি

লিওনেল মেসির ছবি হাতে বার্সেলোনায় এক বার্সা সমর্থক।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা ছাড়তে চেয়ে লিওনেল মেসি ক্লাবটিকে বুরোফ্যাক্স পাঠানোর পর থেকেই আবেগ সামলে রাখতে পারছেন না সমর্থকেরা। কেউ বাড়িতে বসে দূর থেকে আবেদন জানিয়ে যাচ্ছেন—যেও না মেসি! কেউ আবার নেমে পড়েছেন কাতালুনিয়ার রাস্তায়। যাঁর কারণে মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাব সভাপতি সেই জোসেপ মারিয়া বার্তোমেউয়ের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন। আসলে যে যেভাবে পারছেন মেসিকে বার্সেলোনায় থেকে যেতে বলছেন।


শুধু বার্সার সমর্থক বা মেসি–ভক্তরাই কেন, আর্জেন্টাইন ফরোয়ার্ড ন্যু ক্যাম্পেই থেকে যান, এটা চাইছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কর্মকর্তারাও। এই তো দিন দুই আগে রিয়ালের সাবেক সভাপতি র‌্যামন কালদেরন বলেছেন, মেসির বার্সেলোনা থেকে চলে যাওয়াটা রিয়ালের জন্যও ক্ষতির কারণ। তিনি যুক্তিও দেখিয়েছেন এই বলে, প্রতিদ্বন্দ্বী দলের খারাপ কিছু হলে সেটা যে কোনো দলের জন্যই খারাপ বয়ে আনে!

কালদেরন একাই নন, মেসিকে থেকে যাওয়ার আহবান জানিয়েছেন স্প্যানিশ ফুটবল অনুষ্ঠান এল চিরিঙ্গিতো দে হুগোনেসের উপস্থাপক জোসেপ পেদ্রেরলও। এই অনুষ্ঠানটিতে সাধারণত বার্সেলোনার গুনগান করা হয় না। তবে অনুষ্ঠানটির সর্বশেষ পর্বে কিম ডমেনেখের সঙ্গে মেসির বার্সেলোনা ছাড়তে যাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন পেদ্রেরল। আলোচনার এক পর্যায়ে মেসিকে ম্যানচেস্টার সিটিতে না যাওয়ার অনুরোধ করেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আহবান জানান বার্সেলোনাতেই থেকে যেতে।

মেসির জন্য মন খারাপ বার্সার খুদে ভক্তদের।
ছবি: রয়টার্স

পেদ্রেরল অবশ্য মেসিকে ম্যান সিটিতে না যাওয়ার অনুরোধ এমনি এমনিতেই করেননি। এর পেছনে তিনি যুক্তিও দেখিয়েছেন। পেদ্রেরল বলেছেন, ‘মেসি, তোমাকে ভালোবাসি বলেই বলছি, যেও না। এখানে (বার্সেলোনায়) তুমি আবার সুখী হবে।’ অনুরোধটি করার সঙ্গে সঙ্গেই নিজের যুক্তিও উপস্থাপন করেছেন পেদ্রেরল। সেই যুক্তিতে তুলে এনেছেন ইংল্যান্ড তথা ম্যানচেস্টারের বাজে আবহাওয়ার বিষয়টি, ‘সেখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়।’ পেদ্রেরলের যুক্তি সমর্থন করে ক্রিস্তোবাল সোরিয়া আবার বলেছেন, ‘আমার বন্ধু ঠিকই বলেছেন।’

মেসি কি পেদ্রেরল আর সোরিয়ার কথা শুনতে পাবেন? আর শুনতে পেলেও কি রাখবেন? গতকাল বার্সেলোনার পিসিআর পরীক্ষায় যাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। আজ যাননি আগামী মৌসুমের জন্য শুরু হওয়া প্রথম দিনের অনুশীলনেও। মেসির এসব সিদ্ধান্ত বলছে, বার্সেলোনা থেকে তাঁর মন একেবারেই উঠে গেছে। সমর্থকদের ভালোবাসা বা কারও অনুরোধ—কিছুই তাঁকে আর ন্যু ক্যাম্পে রাখতে পারবে না।