ম্যানচেস্টারে ফেরার দিনে কত গোল করবেন রোনালদো?

আজ রোনালদোকে দেখার অপেক্ষায় সব ইউনাইটেড সমর্থকছবি: রয়টার্স

অবিশ্বাস্য কিছু না ঘটলে আজ ইউনাইটেডের জার্সিতে ‘অভিষেক’ হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। যে ক্লাব তাঁকে তারকা বানিয়েছিল, যে ক্লাবের কারণেই ক্রিস্টিয়ানো রোনালদো নামটা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে, সেই ক্লাবে ১২ বছর পর ফিরছেন রোনালদো। ‘সিআর সেভেন’কে আবার লাল জার্সিতে দেখা যাবে। ‘রেড ডেভিল’রা আজ ওল্ড ট্রাফোর্ডে ফিরে পাচ্ছে তাদের ঘরের ছেলেকে।

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে আজ মূল একাদশেই খেলতে চেয়েছিলেন রোনালদো। তবে কোচ উলে গুনার সুলশার রাফায়েল ভারানের ক্ষেত্রে যে পথে হেঁটেছেন, সে পথেই সম্ভবত এগোতে চাইছেন। তাই অন্তত আজকের ম্যাচে রোনালদোকে শুরুতেই দেখার সুযোগ হচ্ছে না। বদলি হিসেবেই দেখা যাবে রোনালদোকে। নিজের প্রত্যাবর্তনের দিনে রোনালদো নিশ্চয়ই গোল করতে চাইবেন।

ইউনাইটেডের প্রথম পর্বে নিউক্যাসল রোনালদোর প্রিয় প্রতিপক্ষগুলোর একটি ছিল। লিগে ১০ বার মুখোমুখি হয়েছেন এই দলের, এর মধ্যে ৯ বার ছিলেন মূল একাদশে। তাতে ৫টি গোল করেছেন, অন্যদের দিয়ে করিয়েছেন আরও ৩ গোল। ওদিকে এফএ কাপে মাত্র এক ম্যাচে পেয়েছিলেন নিউক্যাসলকে। সেখানে ১ গোলের সঙ্গে দুটি গোলে সহায়তা ছিল। নিউক্যাসলের জন্য দুশ্চিন্তার কারণ রোনালদোর ‘সাম্প্রতিক’ অতীত।

সাম্প্রতিক বলতে ইউনাইটেডের জার্সিতে রোনালদোর সর্বশেষ দুই মৌসুমের পারফরম্যান্স। রোনালদো ২০০৮–০৯ মৌসুমের পর ইউনাইটেড ছেড়েছেন। সে মৌসুমে নিউক্যাসলের বিপক্ষে এক ম্যাচে কোনো গোল পাননি, কোনো গোল করাতেও পারেননি। কিন্তু এর আগের মৌসুমেই রোনালদোর ভয়ংকর রূপ দেখেছে দলটি। দুই ম্যাচে একটি হ্যাটট্রিকসহ ৫ গোল করেছিলেন লিগে। যে ম্যাচে ২ গোল করেছেন, সে ম্যাচে অন্যকে দিয়ে ১টি গোলও করিয়েছিলেন। তাই আজ বদলি নেমেও রোনালদোর গোল করার পক্ষে বাজি ধরার লোক কম হবে না।

পাঠক, আপনার কী ধারণা, আজ নিউক্যাসলের বিপক্ষে ফেরার ম্যাচে কত গোল করবেন রোনালদো?