ম্যানচেস্টারের আকাশে 'হোয়াইট লাইভস ম্যাটার'

>সিটির কাছে বার্নলি হেরেছে ৫–০ গোলে। তবে দলটি বেশি লজ্জা পেয়েছে কিছু সমর্থকের বর্ণবাদি আচরণে
ম্যানচেস্টার সিটির কাছে দল হেরেছে ৫–০ গোলে। তবু ম্যাচের ফলের কারণে নয় ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব বার্নলির খেলোয়াড়–কর্মকর্তাদের লজ্জায় মাথা কাটা গেল অন্য আরেকটি কারণে। ম্যাচ শুরুর আগে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের সঙ্গে কাল ক্লাবটির খেলোয়াড়েরা একাত্মতা ঘোষণা করলেন মাঠে। এর কিছু পরই বার্নলির সমর্থক পরিচয় লেখা এক বিমান 'হোয়াইট লাইভস ম্যাটার' ব্যানার ঝুলিয়ে ইতিহাদ স্টেডিয়ামের ওপর দিয়ে উড়ে যায়।
ম্যাচশেষে বার্নলি অধিনায়ক বেন মি বললেন তাঁরা লজ্জিত, 'এই ধরণের সমর্থকদের ফুটবলের আশপাশে থাকার কোনো যোগ্যতা নেই। আমরা লজ্জিত, আমরা বিব্রত। আমাদের সমর্থকদের ক্ষুদ্র একটি অংশ এরা। আমি সমর্থকদের বড় অংশের পক্ষ থেকে বলছি আমরা এই ধরনের কোনো ঘটনা সমর্থন করি না। আকাশে এটাকে দেখাটা আজ আমাদের খেলায় বড় প্রভাব ফেলেছে। আমরা বিব্রত কারণ এটাতে আমাদের নাম লেখা ছিল। তাঁরা চেষ্টা করেছে ক্লাবকে এর মধ্যে টানতে। তবে এগুলো মোটেই আমাদের ক্লাবের কিছু নয়।'
বার্নলি পরে আনুষ্ঠানিকভাবেই দুঃখ প্রকাশ করে এই ঘটনায়, 'যারা এই দৃষ্টিকটু ব্যানার উড়িয়েছে বার্নলি তাদের কঠোরভাবে নিন্দা জানাচ্ছে। জড়িতরা টার্ফ মুরে (বার্নলির মাঠ) ঢুকতে দেওয়া হবে না। আমরা প্রিমিয়ার লিগ, ম্যানচেস্টার সিটি ও যারা ব্ল্যাব লাইভস ম্যাটার আন্দোলনে যুক্ত তাঁদের কাছে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।'
ম্যাচের শুরুর দিকে ওই ঘটনার জেরই কিনা পুরো ম্যাচেই ছন্নছাড়া ছিল বার্নলি। প্রথমার্ধেই ৩–০ গোলে এগিয়ে যায় স্বাগতিক ম্যান সিটি। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল। সিটির হয়ে দুটি করে গোল করেন ফিল ফোডেন ও রিয়াদ মাহরেজ। অন্য গোলটি দাভিদ সিলভার।
সিটির এই জয় সম্ভবত লিভারপুলের শিরোপা নিশ্চিত করা আরেকটু পিছিয়ে দিল। ৩০ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৬৩। শীর্ষ দল লিভারপুলের চেয়ে ২০ পয়েন্ট পিছিয়ে দলটি। পরের রাউন্ডেই শিরোপা নিশ্চিত করতে লিভারপুলকে শুধু জিতলেই হবে না, তাঁকিয়ে থাকতে হবে সিটির পা হড়কানোর দেখতেও।
বৃহষ্পতিবার সিটি লন্ডনে খেলবে চেলসির বিপক্ষে। এর আগে বুধবার লিভারপুল আতিথেয়তা দেবে ক্রিস্টাল প্যালেসকে।