ম্যানসিটিকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ঢাকা ছাড়ার আগে কোচ পারভেজ বাবু বলেছিলেন, ‘আমরা এবার কাপ পর্বে খেলতে চাই।’ কিন্তু মালয়েশিয়ায় অনুষ্ঠানরত সুপার মক কাপের গ্রুপের শেষ ম্যাচে জাপানের একাডেমি দলের কাছে হেরে সেই স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দলের কিশোরদের। তবে প্লেট পর্বে বেশ ভালো করছে এই কিশোরেরা। উঠে গেছে টুর্নামেন্টের ফাইনালে।
কাল কুয়ালালামপুরের প্যানাসনিক স্পোর্টস কমপ্লেক্সে সেমিফাইনালে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটির বয়সভিত্তিক দলকে। ৭ ও ১১ মিনিটে দুটি গোলই করেছে ফাহিম মোরশেদ। অবাক হওয়ার কিছু নেই, সত্যি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির কিশোরদের নিয়ে গড়া দলটিকেই হারিয়েছে বাংলাদেশের খুদে ফুটবলাররা।
অবশ্য এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল এই মক কাপেই হারিয়েছিল ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানসের বয়সভিত্তিক দলকে। এই দিয়ে টানা তৃতীয়বারের মতো প্লেট পর্বে খেলছে বাংলাদেশ। আজ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ জাপানের সোনান বেলমেয়ার ক্লাব।