ডান প্রান্তে বল পেলেন লিওনেল মেসি। সম্মোহনী দৌড়ে দু-তিন ডিফেন্ডারকে ছিটকে ফেলে চলে এসেছেন প্রতিপক্ষ ডি-বক্সের কোনায়। ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে ওয়ান-টু খেলে ঢুকে পড়লেন বক্সে। কাট-ব্যাক...জোরালো শটে সেটিকে জালে জড়িয়ে দিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা!
মেসি, ম্যারাডোনা, বাতিস্তুতা একসঙ্গে...ভাবছেন পাগলের প্রলাপ? কিংবা কোনো ধারাভাষ্যকার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ধারাভাষ্য দিচ্ছেন? আসলে কল্পনার জগতে ‘এমন হলে কেমন হতো’ ভাবনাটা এনে দিচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছে সংস্থাটি, যেখানে আছেন ম্যারাডোনা, বাতিস্তুতা, মেসিরা।
ম্যারাডোনা-মেসি আছেন—এটা অবশ্য কোনো খবর নয়। সর্বকালের সেরা একাদশেই যেখানে দুজনের জায়গা পাওয়ার কথা, সেখানে আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশ এ দুজনকে ছাড়া হয় কী করে! এএফএর একাদশে বাকি যাঁরা আছেন, তাঁদের নিয়েও বিতর্ক করার খুব একটা সুযোগ নেই। হ্যাঁ, চাইলে আলফ্রেডো ডি স্টেফানোর না থাকা নিয়ে কথা বলা যায়, কিন্তু রিয়াল মাদ্রিদের কিংবদন্তি আকাশি-নীল জার্সিতে খেলেছেনই যে মাত্র ছয়টি ম্যাচ!
একাদশে বর্তমান খেলোয়াড়দের মধ্যে আছেন শুধু মেসি। ৪-৩-৩ ফরমেশনে আক্রমণে মেসি ও বাতিস্তুতার সঙ্গে থাকছেন মারিও কেম্পেস। ১৯৭৮ সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানোর পথে যিনি সর্বোচ্চ গোলদাতার ‘গোল্ডেন বুট’ ও সেরা খেলোয়াড়ের ‘গোল্ডেন বল’ দুটোই জিতেছিলেন।
মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করে দিতে থাকছেন ১৯৯৩ কোপা আমেরিকাজয়ী দলের ডিফেন্সিভ মিডফিল্ডার ফার্নান্দো রেডন্ডো। তাঁর সঙ্গে আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম সেরা রাইট উইঙ্গার মিগুয়েল অ্যাঙ্গেল ব্রিন্দিসি। আর তাঁদের একটু সামনে, মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সমন্বয় এনে দিতে থাকছেন স্বয়ং ডিয়েগো ম্যারাডোনা।
রক্ষণভাগ সাজানো হয়েছে ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ড্যানিয়েল প্যাসারেলা, আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ (১৪৫) খেলা হাভিয়ের জানেত্তি, রিভার প্লেট কিংবদন্তি রবার্তো পারফুমো ও ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের আরেক ডিফেন্ডার আলবার্তো তারান্তিনিকে নিয়ে। গোলবারের নিচে ভরসা জোগাবেন ১৯৭৮ বিশ্বকাপের সেরা গোলরক্ষক উবালদো ফিল্লোল।
আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশ
উবালদো ফিল্লোল, হাভিয়ের জানেত্তি, রবার্তো পারফুমো, ড্যানিয়েল প্যাসারেলা, আলবার্তো তারান্তিনি, ফার্নান্দো রেডন্ডো, মিগুয়েল অ্যাঙ্গেল ব্রিন্দিসি, ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, মারিও কেম্পেস, গ্যাব্রিয়েল বাতিস্তুতা।