ম্যারাডোনা-শেভার পছন্দ নয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো নন, নন লিওনেল মেসি। ফিফা-ব্যালন ডি’অরের প্রার্থিতায় এবার ডিয়েগো ম্যারাডোনা এবং আন্দ্রেই শেভচেঙ্কোর আস্থা ম্যানুয়েল নয়্যারে।
ছয় বছর ধরে ব্যালন ডি’অর পুরস্কারটি ভাগাভাগি করে আসছেন লিওনেল মেসি এবং রোনালদো। এবারও অনেকের চোখেই পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন প্লে-মেকার মেসিই ফেবারিট। কিন্তু আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা এবং ইউক্রেনিয়ান ফুটবল গ্রেট শেভচেঙ্কো মনে করেন, এবার জার্মান গোলরক্ষক নয়্যারেরই পাওয়া উচিত পুরস্কারটি। তাঁদের এমনটা মনে করার পেছনে বড় কারণ জার্মান দলের হয়ে নয়্যারের বিশ্বকাপ জয়। ‘মেসিও নয়, নয় রোনালদোও, আমার ফেবারিট নয়্যার। সে-ই পুরস্কারটি পাওয়ার সবচেয়ে যোগ্য’—পরশু কিউবা সফরকালে বলেন ম্যারাডোনা। ভেনেজুয়েলার তেলেসুর টেলিভিশনের খেলাধুলাবিষয়ক অনুষ্ঠানের শ্যুটিংয়ের জন্য ম্যারাডোনার এই কিউবা সফর। আর জার্মান গোলরক্ষক সম্পর্কে শেভচেঙ্কোর মূল্যায়ন, ‘নয়্যার অসাধারণ খেলোয়াড়। একজন গোলরক্ষকের চেয়েও বেশি কিছু।’ যুক্তি দাঁড় করালেন, কেন এবার ব্যালন ডি’অর নয়্যারেরই পাওয়া উচিত, ‘আমি নয়্যারকেই বেছে নেব। কারণ, বিশ্বকাপে সে বিশেষ কিছু করেছে, ভালো করেছে বায়ার্নের হয়েও। মৌসুমটা তাঁর অসাধারণ কেটেছে বলে মনে করি আমি।’
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি শেষ পর্যন্ত কে পাচ্ছেন, সেটা জানা যাবে ১২ জানুয়ারি। এএফপি, ফিফাডটকম।