‘হ্যান্ড অব গড’ নিয়ে মনে কোনো প্রশ্ন আছে? তাহলে করেই ফেলুন না প্রশ্নটি! খোদ ম্যারাডোনাই আপনার উত্তর দেবেন ‘টুইট অব গডে’র মাধ্যমে। তারকারা এখন ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য বেছে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। টুইটারকেই সবচেয়ে নিরাপদ ভাবেন তাঁরা। ম্যারাডোনাও সেই দলে যোগ দিলেন। সম্প্রতি টুইটারে অ্যাকাউন্ট খুলে একটি ভিডিও পোস্ট করেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। ভিডিওতে জানিয়েছেন, ‘আমার ওয়েবপেজে স্বাগত। আমার কাছে আপনি যা জানতে চাইবেন সবকিছুরই উত্তর পাবেন।’ আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো সর্বশেষ অধিনায়ক অবশ্য ফেসবুকেও একটি পেজ চালু করেছেন বেশ আগেই। সেখানে অনুসারীর সংখ্যা ৭৫ লাখ ছাড়িয়ে যাওয়ায় তা নিয়ে টুইট করে জানিয়ে দিয়েছেন সেই আনন্দের খবর। তো আর দেরি কেন? নিজের প্রশ্ন নিয়ে তৈরি হয়ে যান এবং ম্যারাডোনার কাছ থেকেই সরাসরি নিজের কৌতূহল মিটিয়ে নিন। দ্য স্টার।