ম্যারাডোনাও বলছেন 'যেয়ো না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মেসি, চলে যেয়ো না। আমরা তোমাকে ভালোবাসি’—এমন ব্যানার নিয়ে এসেছিল এই শিশু। মেসিকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনার এমন আকুতি নিয়ে কাল বুয়েনস এইরেস বিমানবন্দরে ছিলেন আরও অনেক আর্জেন্টাইন l এএফপি
‘মেসি, চলে যেয়ো না। আমরা তোমাকে ভালোবাসি’—এমন ব্যানার নিয়ে এসেছিল এই শিশু। মেসিকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনার এমন আকুতি নিয়ে কাল বুয়েনস এইরেস বিমানবন্দরে ছিলেন আরও অনেক আর্জেন্টাইন l এএফপি

বুয়েনস এইরেসের মিনিস্ত্রো পিস্তারিনি বিমানবন্দরে ছোটখাটো একটা জটলা। আকাশি-নীল জার্সি পরা একদল বিমর্ষ মানুষ অপেক্ষা করছে উৎসুক চোখে। অনেকের হাতেই ব্যানার, ‘যেয়ো না মেসি’। বিমানটা এসে পৌঁছাল একটু পরেই, এক ঝলকের জন্য যেন লিওনেল মেসিকে দেখাও গেল। বৃষ্টিতে ভিজে তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকা ভক্তদের আকুতিটা কি তিনি শুনেছেন? বৃষ্টির জলের সঙ্গে একাকার হয়ে যাওয়া ভক্তদের চোখের অশ্রু কি চোখে পড়েছে তাঁর? সেটা না-ও পড়তে পারে, কিন্তু পুরো আর্জেন্টিনার আকুতি নিশ্চয় কানে গেছে মেসির! ডিয়েগো ম্যারাডোনা থেকে খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্টও মেসিকে যে বলছেন, যেতে নাহি দেব....!

.
.

গত দুটি দিন কেমন গেছে—সেটা মেসি হয়তো কাউকে বলে বোঝাতে পারবেন না। ফাইনালে আরও একবার স্বপ্নভঙ্গের পরেই সবাইকে স্তম্ভিত করে জানিয়ে দিয়েছেন, আর জাতীয় দলের হয়ে নামছেন না। ফুটবলবিশ্বের জন্য তো বটেই, জাতীয় দলের সতীর্থ-কোচদের জন্যও তো ব্যাপারটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। ‘মেসি, তুমি থেকে যাও’—টুইটার ছেয়ে যাচ্ছে আবেগমাখা শব্দে, ফেসবুক-ভক্তদের অনিঃশেষ হাহাকার চলছে। সার্জিও রোমেরোর মতো কেউ কেউ আশাবাদী, তাৎক্ষণিক আবেগ কেটে গেলে মেসি আবার ফিরবেন। এখন পর্যন্ত সে রকম কোনো ঘোষণা আসেনি।
কিন্তু পুরো আর্জেন্টিনা-জুড়ে যে তুমুল হাহাকার। মাস খানেক আগে ডিয়েগো ম্যারাডোনা বলেছিলেন, মেসির মধ্যে নেতৃত্বগুণ নেই। মেসির অবসরের ঘোষণার পর ম্যারাডোনা এখন একরকম অনুনয়ের সুরেই বলছেন, ‘মেসিকে জাতীয় দলে থাকতেই হবে। তার সামনে কত দিন পড়ে আছে, ওকে ছাড়া কি চলে? রাশিয়াতে তো ওকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে যেতে হবে।’ লা নাসিওন পত্রিকার কাছে ম্যারাডোনা দিয়েছেন একটা অশনিসংকেতও, ‘যারা বলছে, তার চলে যাওয়া উচিত তারা বুঝতেই পারছে না আর্জেন্টিনার ফুটবলে কী বিপর্যয় অপেক্ষা করছে!’
কিন্তু মেসি এখন পর্যন্ত নিশ্চুপ। বিমানবন্দর থেকে সরাসরি চলে গেছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে। সেখানেও সমর্থকেরা দাঁড়িয়ে ছিলেন সার বেঁধে। একজন তো এমন একটা ব্যানারও নিয়ে গিয়েছিলেন, ‘মেসি, মায়ের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি।’ ২৯ বছর বয়সী হুয়ান পাবলো পিনাসকোর কথা যেন কান্না হয়ে ঝরল, ‘কী যে দুঃখ লাগছে বলে বোঝাতে পারব না, মনে হচ্ছে আমার হৃদয় দুই টুকরো হয়ে গেছে।’
আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিস মাকরিও টুইট করে মেসিকে সিদ্ধান্তটা বদলানোর অনুরোধ করেছেন, ‘দলের জন্য আমি গর্বিত। আশা করি, বিশ্বের সেরা খেলোয়াড়কে খেলতে দেখার আনন্দ থেকে আমরা বঞ্চিত হব না।’ পরে আর্জেন্টাইন ফেডারেশন জানিয়েছে, প্রেসিডেন্ট নিজেই মেসিকে ফোন দিয়েছিলেন। কোনো সমালোচনায় কান না দেওয়ার জন্যও পরামর্শ দিয়েছেন। কিন্তু মেসি এখনো মুখে কুলুপ এঁটে আছেন।
তবে কতটা দুঃখ থেকে মেসি অবসর নিয়েছেন, সেটা ছুঁয়ে যাচ্ছে তাঁর পরিচিতজনদের। রোসারিওতে মেসির প্রথম কোচ ছিলেন এরনেস্তো ভেচ্চিও। মেসির অনুভূতিটা ভালোই বুঝতে পারছেন তিনি, ‘আর কত সমালোচনা সইবে ও? চলে যাওয়ার পুরো অধিকারই আছে তার। আমি নিজেও চাই না, ও চলে যাক। তবে দলে আরও ১০ জন খেলোয়াড় থাকার পরও ওকেই ত্রাণকর্তা ভাবতে যাওয়া খুবই একটা অবিচার।’
কিন্তু মেসি কি সিদ্ধান্ত বদলাবেন। এটা এখন কোটি টাকার প্রশ্ন! এএফপি, নিউইয়র্ক টাইমস।