ম্যারাডোনার চোখে তবুও প্রতারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো ম্যারাডোনা
ডিয়েগো ম্যারাডোনা

ঠোঁটকাটা বলে ডিয়েগো ম্যারাডোনার নামডাক বহু পুরোনো। তাঁর কথার ঝাঁজ থেকে রেহাই পাওয়া বেশ কঠিন, তা তিনি ফুটবল-সংশ্লিষ্ট কেউ হোন কিংবা হোন বিশ্ব রাজনীতির শীর্ষস্থানীয় কোনো ব্যক্তি। এবার ম্যারাডোনা তোপ দাগলেন নবনির্বাচিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দিকে।
গত পরশু রাতে ফিফার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফান্তিনো। সেপ ব্ল্যাটারের ১৭ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ফিফার মসনদে বসলেন আরেক সুইস। জয় নিশ্চিত হওয়ার পর ইনফান্তিনো প্রথমেই ফুটবলকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেছেন। এটা শুনে ম্যারাডোনা ভ্রু কুঁচকাচ্ছেনই, তাঁর প্রতিক্রিয়াটাও বেশ তীব্র, ‘সে একজন প্রতারক। তার বস প্লাতিনি এমন বিপদে পড়ল, একটুর জন্য জেলে যাওয়ার হাত থেকে বেঁচে গেল; অথচ তার আচরণে সেটা বোঝাই গেল না। সে ঠিকই নিজের আখের গুছিয়ে নিল। পাত্রে ঘোঁটাঘুঁটি করা থেকে একেবারে ফিফার সভাপতি নির্বাচনে প্রার্থী হয়েছে একজন, বিষয়টি অগ্রহণযোগ্য।’
ইনফান্তিনোকে নিয়ে বলতে বলতে ম্যারাডোনার মুখে এসেছে ব্ল্যাটার-প্লাতিনি প্রসঙ্গও। এই দুজনের নিষেধাজ্ঞার মেয়াদ ২ বছর কমিয়ে ৬ বছর করায় রীতিমতো ক্ষিপ্ত আর্জেন্টাইন কিংবদন্তি, ‘ফিফার নৈতিকতা কমিটি ভুল করেছে। এত বছর ধরে ওঁরা যেভাবে ডাকাতি করেছেন তাতে ওঁদের যাবজ্জীবন জেল হওয়া উচিত।’ রয়টার্স।