ম্যারাডোনার চোখে সেই মেসি এই মেসি

এর আগে দুটি বিশ্বকাপে তাঁর গোল ছিল মাত্র একটি। দুবারই আর্জেন্টিনা বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। অথচ এবার ব্রাজিলে প্রথম ম্যাচেই অসাধারণ এক গোলসহ মোট ৪ গোল লিওনেল মেসির। হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। দুই যুগ পরে দল খেলেছে বিশ্বকাপের ফাইনালে। শেষ বাঁশির মাত্র ৭ মিনিট আগে গোল খেয়ে শিরোপা জেতা হয়নি, কিন্তু গত ছয়টি বিশ্বকাপের মধ্যে এটাই আর্জেন্টিনার সেরা সাফল্য।
অথচ এত কিছুর পরও ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা ভালো খেলেনি বলে দাবি ডিয়েগো ম্যারাডোনার! এমনকি মেসিও নাকি এই বিশ্বকাপের চেয়ে তাঁর অধীনে গত বিশ্বকাপেই বেশি উজ্জ্বল ছিলেন বলছেন ছিয়াশির বিশ্বকাপ-নায়ক।
ম্যারাডোনার অধীনে ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। দুর্বল রক্ষণভাগের জন্য তখন অনেক সমালোচনাও হয়েছিল আর্জেন্টিনার। সেই ভুল শোধরানোর জন্য এবার কোচ আলেসান্দ্রো সাবেলা রক্ষণে একটু বেশি মনোযোগ দিয়েছিলেন। হয়তো এ কারণেই দেখা যায়নি আর্জেন্টিনার চিরপরিচিত আক্রমণাত্মক পাসিং ফুটবল। তবে শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে দেশে ফেরার পর সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাই পেয়েছে সাবেলার দল।
তবে ম্যারাডোনা বলছেন উল্টো কথা। আর্জেন্টিনার এই ফলনির্ভর খেলা মোটেই মন ভরাতে পারেনি তাঁর, ‘আর্জেন্টিনা বাজে খেলেছে। এখানে আমরা যারা (তিনি এবং সাংবাদিকেরা) উপস্থিত আছি, সবাই মিলে একটা দল বানালেও এবারের গ্রুপপর্ব পেরোতে পারতাম, এতটাই সহজ গ্রুপ ছিল।’
ক্যারিয়ারের সবচেয়ে ভালো ফর্মে থেকেও গত বিশ্বকাপে ম্যারাডোনার অধীনে একটিও গোল পাননি মেসি। এ বিষয়েও ভিন্নমত ম্যারাডোনার। বলছেন, ‘সাবেলার চেয়ে মেসি আমার সময়েই বেশি ভালো খেলেছে। ও আমাদের অনেকবার উচ্ছ্বাসে ভাসিয়েছে। কিন্তু ব্রাজিল বিশ্বকাপটা ওর ভালো কাটেনি। সাবেলার তুলনায় ও আমার সময় পাঁচ গুণ বেশি ভালো খেলেছিল। সাবেলা বলছে, দলের প্রয়োজনেই নাকি মেসি অনেকটা ছাড় দিয়ে খেলেছে, কিন্তু এই দাবি সত্য নয়।’
ম্যারাডোনার আরও দাবি, তাঁর সময় আর্জেন্টিনা খেলেছে সুন্দর ফুটবল। যেটা সমর্থকেরা নীল-সাদাদের কাছে প্রত্যাশা করে। সাবেলার অধীনে খেলেছে ফলনির্ভর রক্ষণাত্মক ফুটবল। আর্জেন্টিনার ফুটবল-দর্শনের সঙ্গে এটা যায় না। এ কারণেই সাবেলা দলকে রানার্সআপ করার পরও কোচ পাল্টানোর দাবি ম্যারাডোনার।
নিজে অবশ্য আবার কোচ হিসেবে ফেরার ইচ্ছের কথা বলেননি। বরং নতুন কোচ হিসেবে ম্যারাডোনার পছন্দ ১৯৭৮ বিশ্বকাপজয়ী সিজার লুইস মেনোত্তিকে। কিন্তু আর্জেন্টিনা ফুটবল সংস্থা (এএফএ) মেনোত্তিকে কোচ করবে বলে মনে করেন না ম্যারাডোনা। কারণটাও বলেছেন সরাসরি, ‘মেনোত্তিও এএফএর মাফিয়াদের সঙ্গে লড়াই করে বিরাগভাজন হয়ে আছেন।’ এএফপি, বুয়েনস এইরেস হেরাল্ড।