সাংবাদিকদের সঙ্গে ডিয়েগো ম্যারাডোনার সম্পর্কটা অনেক দিন থেকেই বেশ তিক্ত। ১৬ বছর আগে তো এয়ারগান দিয়ে দুই সাংবাদিককে গুলিও করেছিলেন। এবার অত বাড়াবাড়ি করেননি, তবে যেটা করেছেন সেটা নিয়েও কম সমালোচনা হবে না। পরশু একজন সাংবাদিককে চড়ই বসিয়ে দিয়েছেন ম্যারাডোনা। স্ত্রী ভেরোনিকা ওজেদো ও পুত্র ডিয়েগোকে নিয়ে গিয়েছিলেন বুয়েনস এইরেসের থিয়েটারে। সেখান থেকে বের হওয়ার পরই তাঁকে ছেঁকে ধরেন সাংবাদিকেরা। শুরুতে সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন। পরে হঠাৎ গাড়ি থেকে নেমে একজনের গালে চড় বসিয়ে দেন। কিন্তু কী কারণে অমন খ্যাপাটে কাজ করতে গেলেন ম্যারাডোনা? আর্জেন্টাইন পত্রিকা এল কমার্শিও জানাচ্ছে, ভেরোনিকার দিকে আপত্তিকর অঙ্গভঙ্গি করেছিলেন এক সাংবাদিক। পরে ম্যারাডোনা খেপে তাঁকে বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে নোংরামি করতে গেলে কেন? আমি তোমার কী করেছি?’ এরপরই বসিয়ে দেন চড়। ইয়াহু স্পোর্টস।