ম্যারাডোনার পাশে হিগুয়েইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা দুজনই আর্জেন্টাইন। একজন একসময় খেলতেন নাপোলিতে। আরেকজন ইতালিয়ান ক্লাবটিতে খেলছেন এখন। এই মিলটুকু বাদ দিলে ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে কোনো তুলনাই চলে না গঞ্জালো হিগুয়েইনের। তাঁর তুলনায় ম্যারাডোনা তো দূর আকাশের তারা। তবে একটা জায়গায় পূর্বসূরিকে ছুঁয়ে ফেলেছেন হিগুয়েইন। নাপোলিতে খেলার সময় ক্লাবটির ঘরের মাঠে টানা আট ম্যাচে গোল করেছিলেন ম্যারাডোনা। পরশু ইন্টার মিলানের বিপক্ষে জোড়া গোল করে তাঁর কীর্তি ছুঁলেন হিগুয়েইন। তাঁর জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে নাপোলি। ১৪ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেও উঠে এসেছে নাপোলি। ম্যারাডোনার পর এবার আরেক আর্জেন্টাইনের কাঁধে ভর করে লিগ শিরোপারও স্বপ্ন দেখতে শুরু করেছে হিগুয়েইনের দল। গোলডটকম।