ম্যারাডোনার ২৬ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো ম্যারাডোনা  ও  গঞ্জালো হিগুয়েইন
ডিয়েগো ম্যারাডোনা ও গঞ্জালো হিগুয়েইন

১৯৮৯-৯০ মৌসুমে ডিয়েগো ম্যারাডোনা যখন কীর্তিটা গড়েছিলেন, গঞ্জালো হিগুয়েইন কেবল হাঁটতে শিখেছেন। এই লম্বা সময়ে কত চড়াই-উতরাই পেরিয়েছে নাপোলি। সিরি ‘আ’ থেকে অবনমনও হয়েছে। কিন্তু গত পাঁচ মৌসুম থেকে লিগে নাপোলি আবার সমীহ জাগানো শক্তি। অবশ্য শিরোপাটা অধরাই থেকেছে। এবার সেই আশার বাতিঘর অনেকটাই কাছে, ২৪ ম্যাচ শেষে নাপোলিই পয়েন্ট তালিকার শীর্ষে। পূর্বসূরি ম্যারাডোনার মতো নাপোলিকে হিগুয়েইন লিগ জেতাতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে পরশু কারপির সঙ্গে গোল করে ম্যারাডোনার একটা রেকর্ড ছুঁয়ে ফেলেছেন হিগুয়েইন।
২৬ বছর আগে ম্যারাডোনার হাতে যেবার শিরোপা উঠেছিল, নাপোলির হয়ে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। পরশু নাপোলির হয়ে তাঁর সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন আরেক আর্জেন্টাইন হিগুয়েইন। এই মৌসুমে নাপোলির ম্যাচে নিয়মিত গোল করে চলেছেন। লিগে ২৪ ম্যাচে ২৪ গোল তাঁর। সর্বোচ্চ গোলদাতার তালিকায় হিগুয়েইনের ঠিক পরে থাকা পাওলো দিবালার গোল ১১টি কম! ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার দৌড়েও হিগুয়েইনই সবার ওপরে। ২৩টি গোল নিয়ে কাছাকাছি আছেন পর্তুগিজ ক্লাব বেনফিকার স্ট্রাইকার জোনাস।
নাপোলি পরশু নিজেদের একটা রেকর্ড ছুঁয়ে ফেলেছে, জিতেছে টানা আটটি ম্যাচ। পরের ম্যাচটি সেই রেকর্ড ভাঙার তো বটেই, হিগুয়েইনের জন্য ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষও। তবে হিগুয়েইন ও নাপোলির জন্য সেটি ‘বড়’ ম্যাচ—প্রতিপক্ষ টানা ১৪ ম্যাচে জয় পাওয়া জুভেন্টাস। ইএসপিএন।