ম্যারাডোনা, ক্রুইফ, রোনালদিনহো... এরপর মেসির 'লক্ষ্য' কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রুইফের সেই পেনাল্টি আবার মঞ্চায়িত করলেন মেসি- এএফপি
ক্রুইফের সেই পেনাল্টি আবার মঞ্চায়িত করলেন মেসি- এএফপি

ডিয়েগো ম্যারাডোনা প্রথমে বলতেন, ‘মেসি আমার মতোই।’ এক কথা বারবার বলতে বলতে ক্লান্তি তো আসেই। অবশ্য মেসিকে নিয়ে বলতে বোধ হয় কারও ক্লান্তি নেই। তবে একই কথা পরে কিছুটা বদলে ফেলে ম্যারাডোনা বলেছিলেন, ‘মেসি আমার চেয়েও ভালো।’

যাঁর সঙ্গে শুরু থেকেই তুলনা হয়ে আসছে, সেই ম্যারাডোনার পথ ধরে মেসি নাম লিখিয়েছেন বার্সাতে। মিলটা শুধু এখানেই শেষ নয়, ম্যারাডোনার ফুটবল মাঠের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিগত দুই ‘কীর্তি’ পরে মেসিও করে দেখিয়েছেন। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে কোয়ার্টার ফাইনালের দুই গোল তো ফুটবল রূপকথারই অংশ হয়ে গেছে।
‘হ্যান্ড অব গড’ গোলটির যেন কার্বন কপিই করে দেখালেন মেসি, ২০০৭ সালে এসপানিওলের বিপক্ষে। ম্যারাডোনার মতোই লাফিয়ে বাঁ হাত দিয়ে একটা গোল করলেন।
এটা অবশ্য অনুকরণ করা তুলনামূলক সহজ ছিল। কিন্তু ছিয়াশির কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় গোলটা অবশ্যই নয়। শতাব্দীর সেরা গোল হিসেবেই যেটি স্বীকৃতি পেয়ে গেছে, সেই গোলের পুনরাবৃত্তি তো চাইলেই করা যায় না। কিন্তু মেসি সেটাই করে দেখালেন।
নিজেদের অর্ধের একটি নিচ থেকে বল পেয়েছিলেন ম্যারাডোনা। এর পর যেটা করলেন, বিস্ফারিত চোখে সেটা দেখেছে ফুটবলবিশ্ব। অবিশ্বাস্য এক দৌড়ে কাটালেন চারজন ইংলিশ ফুটবলারকে, পরে ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকেও বোকা বানিয়ে বলটা পাঠিয়ে দিলেন জালে।

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গডও’ মনে করিয়ে দিলেন মেসি- মেইল অনলাইন
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গডও’ মনে করিয়ে দিলেন মেসি- মেইল অনলাইন

কাকতালীয় বললেও কম বলা হবে, ২০০৭ সালে গেটাফের সঙ্গে মেসির গোলটা যেন ম্যারাডোনার ‘কার্বন কপি’ই। সেই মাঝমাঠের নিচ থেকে দৌড়টা শুরু, ঠিক সেই রকম ডান প্রান্ত ধরে একের পর প্রতিপক্ষকে ছিটকে ফেলে সামনে এগিয়ে যাওয়া। ঠিক সেই ভাবেই গোলরক্ষককে বোকা বানিয়ে বলটা জালে পাঠিয়ে দেওয়া। ম্যারাডোনাকে যেন ‘সম্মানই’ জানালেন মেসি!
পরশু সেল্টা ভিগোর বিপক্ষে তাঁর সেই আলোচিত পেনাল্টি যেমন ফিরিয়ে এনেছে ফুটবলের আরেক জীবন্ত কিংবদন্তি ইয়োহান ক্রুইফের সেই আলোচিত পেনাল্টি।
শুধু ম্যারাডোনা-ক্রুইফ? সেই আমলের পুসকাস থেকে শুরু করে রোনালদিনহোদের ফুটবল মাঠের আলোচিত স্কিল, ফুটবলীয় জাদু কিংবা শিল্পের পুনরাবৃত্তি করে দেখিয়েছেন মেসি। ১৯৫৩ সালে ইংল্যান্ড-হাঙ্গেরির ‘শতাব্দীর সেরা ম্যাচেই’ দুর্দান্ত এক গোল করেছিলেন ফেরেঙ্ক পুসকাস। বক্সের ভেতরে বলটা পেয়ে দুর্দান্ত এক ডজে প্রতিপক্ষকে কাটিয়ে বাঁ পায়ের গোলার মতো শটে বলটা জালে পাঠিয়ে দিলেন। ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে মেসির পায়ে ফিরে এসেছিল সেই গোল। সেই একইভাবে প্রতিপক্ষকে কাটিয়ে বাঁ পায়ে দারুণ ফিনিশিং!
রোনালদিনহোই বা বাদ যাবেন কেন? ২০০৬ সালে চ্যাম্পিয়নস লিগে ভেরডার ব্রেমেনের বিপক্ষে জাদুকরী ফ্রি কিক নিয়েছিলেন রোনালদিনহো। প্রতিপক্ষের ‘ওয়াল’-এ দাঁড়ানো সবাই যখন সেটি ঠেকাতে লাফিয়ে উঠল, রোনালদিনহো বাতাসে নয়, বল পাঠালেন সেই লাফিয়ে ওঠা ওয়ালের নিচ দিয়েই! মেসি অবশ্য সেটি বার্সার হয়ে নয়, করে দেখালেন আর্জেন্টিনার হয়ে। ২০১২ সালে মেসির নেওয়া ফ্রি কিকটা উরুগুয়ের মানব-দেয়ালের নিচ দিয়ে চলে গেল জালে।
ম্যারাডোনা, পুসকাস, রোনালদিনহো, ক্রুইফ... এরপর মেসি সম্মান জানাবেন কাকে? পেলে? ফুটবলের সর্বকালের সেরার কীর্তির তো শেষ নেই। মেসির জন্যও তাই হয়তো এখনো অনেক জাদু দেখানোই বাকি।

ম্যারাডোনার শতাব্দীর সেরা গোলটা ফিরে এলো মেসির পা ধরে! মেইল অনলাইন
ম্যারাডোনার শতাব্দীর সেরা গোলটা ফিরে এলো মেসির পা ধরে! মেইল অনলাইন