ম্যারাডোনা তখন ঘুমাচ্ছিলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারাডোনা তখন ঘুমোচ্ছেন!
ম্যারাডোনা তখন ঘুমোচ্ছেন!

ধরুন রাষ্ট্রপ্রধানের বিশেষ গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে অতিথি হয়ে গেলেন। আপনি নিজেও সেই অনুষ্ঠানের বিশেষ নিমন্ত্রিত, আপনার ওপর সবার চোখ। প্রেসিডেন্ট তাঁর ভাষণে আপনার নাম উল্লেখও করলেন। সেই সময় আপনি কী করবেন? আর যা-ই করুন, এটা নিশ্চিত, আপনি ঘুমোবেন না। অথচ ডিয়েগো ম্যারাডোনা তা-ই করেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাম মাদুরো ভাষণ দিচ্ছিলেন, দুচোখ বুজে দর্শকসারিতে সিয়েস্তা দিচ্ছিলেন ম্যারাডোনা। বক্তৃতায় প্রেসিডেন্ট তাঁর নাম উল্লেখ করামাত্রই ধড়ফড় করে জেগে উঠে দাঁড়িয়ে হাত নেড়ে পরিস্থিতি সামাল দিয়েছেন আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি।
‘আয়াকুচো যুদ্ধে’র ১৯০ বছর পূর্তি উপলক্ষে ভেনেজুয়েলায় এক বিশেষ উৎসবের আয়োজন করা হয়। অনেক দিন ধরেই দেশটির বন্ধু হিসেবে পরিচিত ম্যারাডোনা আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন সেই উৎসবে। অনুষ্ঠানের একপর্যায়ে প্রেসিডেন্ট মাদুরো জাতির উদ্দেশে টিভিতে সরাসরি ভাষণ দিচ্ছিলেন। এ সময় ম্যারাডোনা খানিকটা জিরিয়ে নিচ্ছিলেন। মাদুরো তাঁর বক্তৃতার একপর্যায়ে ম্যারাডোনাকে ‘বিদ্রোহী, বিপ্লবী ম্যারাডোনা’ নামে উল্লেখ করেন। চটপট চোখ খুলে ম্যারাডোনা দাঁড়িয়ে দর্শকদের অভিবাদন নেন। তবে ম্যারাডোনা যে দু চোখ বুজে জিরোচ্ছিলেন, সেটা ঠিকই ধরা পড়ে যায় ক্যামেরায়।
ম্যারাডোনা কারও জন্যই জেগে থাকার প্রয়োজন বোধ করেন না, সে তিনি কোনো দেশের প্রেসিডেন্টই হোন না কেন! মিরর।