ম্যারাডোনা যখন ছিলেন ‘ক্যারাডোনা’
বয়স মাত্র ১১ বছর। খেলেন আর্জেন্টিনোস জুনিয়র্সের বয়সভিত্তিক দল ‘লস সেবোলিতাস’-এ। ম্যাচ খেলার সুযোগও অত মেলে কি মেলে না। কিন্তু প্রতিভা কি আটকে রাখা যায়?
ম্যারাডোনারও যায়নি। তাই যতটুকু সুযোগ পেতেন, ততটুকুতেই মোহাবিষ্ট করে রাখতেন দর্শকদের। প্রথম বিভাগের ম্যাচ চলার সময় খেলার মাঝখানের বিরতিতে লস সেবোলিতাসের ফুটবলারদের মাঠে নামিয়ে দিত আর্জেন্টিনোস জুনিয়র্স। বল নিয়ে অবিশ্বাস্য সব কারিকুরি করে দ্রুতই দর্শকদের মন জিতে নেন খুদে ম্যারাডোনা। একবার এমনও হয়েছে, বিরতি শেষ, খেলা শুরু করতে হবে। কিন্তু শুধু স্বাগতিক নয়, প্রতিপক্ষ দলের সমর্থকেরাও গ্যালারিতে গোলমাল বাধিয়ে দিল। তারা আসল ম্যাচের চেয়ে এই পিচ্চি ফুটবলারের কারিকুরি দেখতেই বেশি আগ্রহী!
ব্যস, আর যায় কোথায়। ম্যারাডোনাকে নিয়ে এই মাতামাতি চোখ এড়াল না দেশের সংবাদমাধ্যমগুলোর। দেশের সবচেয়ে বড় দৈনিক ক্লারিনের সাংবাদিক এলেন ম্যারাডোনার জাদু স্বচক্ষে দেখতে। ম্যাচ দেখার পর তার প্রতিবেদনের একটি অংশ এই ছোট্ট ফুটবলারকে নিয়ে লেখেন। বেশ বড় একটা প্যারাগ্রাফই বরাদ্দ ছিল অখ্যাত এই বালক ফুটবলারের জন্য। ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর আর্জেন্টিনার সর্বাধিক প্রচারিত দৈনিক ক্লারিনে প্রথমবারের মতো ছাপা হয় ম্যারাডোনার নাম। ক্লারিন লিখেছিল, ‘ও বাঁ পায়ের ফুটবলার, কিন্তু ডান পা’টিও ব্যবহার করতে জানে। আর্জেন্টিনোস জুনিয়র্স বনাম ইন্দিপেনদিয়েন্তে ম্যাচের বিরতিতে বল নিয়ন্ত্রণ ও ড্রিবলের বিরল দক্ষতা দেখিয়ে দর্শকদের উষ্ণ করতালিতে স্নাত হলো ১০ বছর বয়সী ডিয়েগো ক্যারাডোনা। পরনের জার্সিটা ছিল ওর তুলনায় অনেক বড়, শার্টের প্রান্তটা এতটাই বড় ছিল, ও ঠিকমতো নিচে দেখতেই পারছিল না।’
প্রতিবেদনে অদ্ভুত কিছু চোখে পড়ছে? না পড়লে আরেকবার পড়ুন। হ্যাঁ, যাকে নিয়ে প্রতিবেদন, তাঁর নামটাই ভুল লিখেছিলেন সেই সাংবাদিক। ম্যারাডোনাকে বানিয়ে দিয়েছিলেন ‘ক্যারাডোনা’। ছাপার অক্ষরে নিজের নাম প্রথমবারের মতো প্রকাশিত হচ্ছে, আর প্রথমেই এত বড় ভুল। ম্যারাডোনার কেমন লেগেছিল, বুঝতে বাকি থাকার কথা না। ম্যারাডোনা তাঁর আত্মজীবনী ‘এল ডিয়েগো’তেও এই গল্পটা লিখেছেন, ‘অবিশ্বাস্যভাবে, প্রথমবারের মতো আমার নাম ছাপা হলো, সেটিও ছাপার ভুল!’
আর্জেন্টিনোস জুনিয়র্সের মূল দলে ম্যারাডোনার শুরুটাও তেমন সুখকর হয়নি। না, আগেরবারের মতো মাঠের বাইরের কোনো কাণ্ডের কারণে নয়। এবার মাঠের ভেতরের কারণেই। তাল্লেরেসের বিপক্ষে ম্যাচটা হেরেছিল ম্যারাডোনার দল। ষোড়শ জন্মদিনের ১০ দিন আগে ১৬ নম্বর জার্সি পরে দ্বিতীয়ার্ধে মাঠে নামা ম্যারাডোনা যথারীতি নিজ আলোয় ছিলেন সমুজ্জ্বল। নেমেই রেকর্ড গড়ে বসেন। তখন তাঁর চেয়ে কম বয়সে কেউ আর্জেন্টিনার শীর্ষ বিভাগে খেলেনি। মাঠে নেমেই তাল্লেরেসের হুয়ান দমিঙ্গো কাবরেরার পায়ের ফাঁকে বল ঢুকিয়ে নাটমেগ করে বসেন। মাঠে উপস্থিত দর্শকেরা দেখেন তাঁর কেরামতি।
হার দিয়ে ক্যারিয়ার শুরু করা সেই ম্যারাডোনার ক্যারিয়ার গ্রাফটা কেমন ছিল পরে, সেটা না বলে দিলেও চলছে। সকাল যে অনেক সময় দিনের পূর্বাভাস দেয় না, ম্যারাডোনার ক্যারিয়ারই তার প্রমাণ।