ম্যারাডোনা হয়ে গিয়েছিলেন ক্যারাডোনা!
>ডিয়েগো ম্যারাডোনার জন্য কোনো ভূমিকা লাগে না! গতকাল ছিল এই জীবন্ত কিংবদন্তির জন্মদিন। এ নিয়ে বিশেষ ধারাবাহিকের দ্বিতীয় পর্ব—

ছাপার অক্ষরে নিজের নাম দেখতে কার না ভালো লাগে! আর সেটি যদি হয় নামকরা কোনো পত্রিকায়, জীবনে প্রথমবারের মতো? আনন্দে সপ্তম স্বর্গে চলে যাওয়ার মতো ব্যাপার। ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর আর্জেন্টিনার সর্বাধিক প্রচারিত দৈনিক ক্লারিন-এ প্রথমবারের মতো ছাপা হয় ম্যারাডোনার নাম। কিন্তু প্রথমেই মুদ্রণপ্রমাদ! ছাপার ভুলে ম্যারাডোনার নাম হয়ে যায় ‘ক্যারাডোনা’!
বুয়েনস এইরেসের ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সে খুদে ফুটবলারদের জন্য একটা দল ছিল। লস সেবোলিতাস বা ‘পেঁয়াজ’। ১৯৭০ সালে দশ বছর বয়সে এই দলে যোগ দিয়েছিলেন ম্যারাডোনা। প্রথম বিভাগের ম্যাচ চলার সময় খেলার মাঝখানের বিরতিতে লস সেবোলিতাসের ফুটবলারদের মাঠে নামিয়ে দিত ক্লাব। বল নিয়ে অবিশ্বাস্য সব কারিকুরি করে দ্রুতই দর্শকদের মন জিতে নেন খুদে ম্যারাডোনা।
একবার এমনও হয়েছে, বিরতি শেষ, খেলা শুরু করতে হবে। কিন্তু শুধু স্বাগতিক নয়, প্রতিপক্ষ দলের সমর্থকেরাও গ্যালারিতে গোলমাল বাঁধিয়ে দিল। তারা আসল ম্যাচের চেয়ে এই পিচ্চি ফুটবলারের কারিকুরি দেখতেই বেশি আগ্রহী!
এমনই একটা ম্যাচ দেখার পর ক্লারিনের সাংবাদিক তার প্রতিবেদনের একটি অংশ এই ছোট্ট ফুটবলারটিকে নিয়ে লেখেন। বেশ বড় একটা প্যারাগ্রাফই বরাদ্দ ছিল অখ্যাত এই বালক ফুটবলারটির জন্য। ক্লারিন লিখেছিল, ‘ও বাঁ পায়ের ফুটবলার, কিন্তু ডান পা-টিও ব্যবহার করতে জানে। আর্জেন্টিনোস জুনিয়র্স বনাম ইন্দিপেনদিয়েন্তে ম্যাচের বিরতিতে বল নিয়ন্ত্রণ ও ড্রিবলের বিরল দক্ষতা দেখিয়ে দর্শকদের উষ্ণ করতালিতে স্নাত হলো দশ বছর বয়সী ডিয়েগো ক্যারাডোনা। পরনের জার্সিটা ছিল ওর তুলনায় অনেক বড়, শার্টের প্রান্তটা এতটাই বড় ছিল, ও ঠিকমতো নিচে দেখতেই পারছিল না।’
ক্যারাডোনা! এই ভুল নামটাই হয়ে গেল বিখ্যাত! ম্যারাডোনা তাঁর আত্মজীবনী ‘এল ডিয়েগো’তেও এই গল্পটা লিখেছেন, ‘অবিশ্বাস্যভাবে, প্রথমবারের মতো আমার নাম ছাপা হলো, সেটিও ছাপার ভুল!’
খুদে এই প্রতিভার কথা দ্রুত ছড়িয়ে যায়। মাঠ থেকে তার জায়গা হয় টিভি অনুষ্ঠানে! সে সময় আর্জেন্টিনার ভীষণ জনপ্রিয় অনুষ্ঠান ‘সাবাদস সার্কুলারেস’-এ ম্যারাডোনা বল নিয়ে কারিকুরি দেখাতেন। শুধু বল নয়, কখনো কখনো বলের বদলে থাকত কমলা, এমনকি বোতলও!
আরও পড়ুন: ম্যারাডোনার আত্মজীবনীর শুরুতেই বাংলাদেশ
তৃতীয় পর্ব পড়ুন আগামীকাল