ম্যারাডোনাকে ছাপিয়ে হামসিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঞ্জালো হিগুয়েইন এ মৌসুমে পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। কিন্তু নাপোলিতে মারেক হামসিক আপাতত তাঁর অভাব বুঝতে দিচ্ছেন না। হামসিক অবশ্য স্ট্রাইকার নন, মিডফিল্ডার। গোল করা নয়, করানোটাই তাঁর মূল কাজ। তবে গোল করাও দারুণ উপভোগ করেন স্লোভাকিয়ান মিডফিল্ডার, পরশু একটি গোল করে দারুণ এক কীর্তিই গড়ে ফেলেছেন। সিরি ‘আ’তে ডিয়েগো ম্যারাডোনার ৮১ গোল পেরিয়ে গেছেন হামসিক। পালের্মোর সঙ্গে নাপোলি পেয়েছে ৩-০ গোলের সহজ জয়, হামসিকের এক গোলের পাশে জোড়া গোল করেছেন হোসে কায়েহন।

১৯৮৪ থেকে ১৯৯১—সাত মৌসুম ইতালিতে খেলে সিরি ‘আ’তে ১৮৮ ম্যাচে ৮১ গোল করেছিলেন ম্যারাডোনা। নাপোলিতে হামসিকেরও নয় বছর হয়ে গেছে। হিগুয়েইনের ৭১ গোল পেরিয়ে গিয়েছিলেন আগেই, সামনে এখন শুধু আন্তোনিও ভোজাক (১০২) ও আতিয়ালা সালুস্ত্রো (১০৬)। এই দুজন অবশ্য খেলেছেন সেই ত্রিশের দশকে। নাপোলির হয়ে ৩১৯ ম্যাচ খেলে ফেলেছেন হামসিক, তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু দুজন।