ম্যারাডোনাকে সম্মান জানানোর ম্যাচেও হারল বার্সেলোনা

বোকা জুনিয়র্সের মার্সেলো ওয়েগান্তের হাতে তুলে দেওয়া হয় ম্যারাডোনা কাপছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিততে যেন ভুলেই গিয়েছে বার্সেলোনা। আগের তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি। রিয়াল বেতিসের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হারের পর বায়ার্নের বিপক্ষেও পর্যুদস্ত হয়েছে। এগিয়ে থাকার পরেও লিগের ম্যাচে ড্র করেছে ওসাসুনার সঙ্গে।

এরই মধ্যে ম্যারাডোনা কাপ খেলতে সৌদি পাড়ি জমিয়েছিল দলটা। সেখানেও ভাগ্যবদল হলো না। ম্যারাডোনাকে সম্মান জানানোর ম্যাচে বোকা জুনিয়র্সের বিপক্ষে হেরে বসেছে কাতালানরা। ১-১ স্কোরলাইনে মূল ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে হেরে গিয়েছে বার্সেলোনা।

বোকা জুনিয়র্স আর বার্সেলোনা। নাপোলির বাইরে এই দুই দলে খেলেই ম্যারাডোনা সবচেয়ে বেশি সম্মান ও পরিচিতি পেয়েছেন। ম্যারাডোনাকে তাই সম্মান জানানোর উদ্যোগ নিয়েছিল এই দুই ক্লাব প্রীতি ম্যাচ খেলার মাধ্যমে। রিয়াদের এমরাসুল পার্কে খেলতে নেমেছিল এই দুই দল প্রায় ২৫ হাজার দর্শকের সামনে।

জিততে যেন ভুলেই গিয়েছে বার্সেলোনা। কাল রাতে বোকা জুনিয়র্সের বিপক্ষে ম্যাচে
ছবি: এএফপি

বলতে গেলে দ্বিতীয় সারিরই দল নামিয়ে দিয়েছিলেন জাভি। টের স্টেগেন, জেরার্ড পিকে, জর্দি আলবা, রোনালদ আরাউহো, ফ্রেঙ্কি ডি ইয়ং, উসমান দেম্বেলে, সের্হিও বুসকেতস, মেম্ফিস ডিপাইদের কেউই ছিলেন না মূল একাদশে। ওদিকে পেদ্রি আর আনসু ফাতির মতো তারকারা তো চোটের কারণে মাঠের বাইরেই।

ফলে মূল একাদশে সুযোগ পেয়েছিলেন এমনিতে তেমন খেলার সুযোগ না পাওয়া ফিলিপ কুতিনিও, নেতো, রিকি পুচের মতো তারকারা। একাডেমি থেকে আনকোরা ফেরান ব্লাঙ্ক, আলভারো সানজ, অ্যালেক্স বালদের মতো তরুণদেরও মূল একাদশে সুযোগ দিয়েছেন জাভি।

তবে সবচেয়ে বড় খবর নিঃসন্দেহে বার্সার জার্সিতে আবারও দানি আলভেজের মাঠে নামা। সেই যে ২০১৫ সালে শেষবারের মতো মাঠে নেমেছিলেন, এরপর জুভেন্টাস, পিএসজি, সাও পাওলো ঘুরে এ বছর আবারও বার্সায় নাম লিখিয়েছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।

নিয়মের জটিলতায় জানুয়ারির আগে প্রতিযোগিতামূলক ম্যাচগুলোতে না খেলতে পারলেও গত রাতে মাঠে নামতে সমস্যা ছিল না আলভেজের। কিন্তু এত কিছুর পরও জয়ের দেখা পায়নি বার্সেলোনা। ৫০ মিনিটে ফেরান ব্লাঙ্কের গোলে এগিয়ে থাকার পরও ৭৭ মিনিটে গোল হজম করে বসে তারা। গোল পেয়ে যান আর্জেন্টাইন উইঙ্গার এজেকিয়েল জেবায়োস।

প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার পরিবারের সঙ্গে তাঁর ভাই রাউল ম্যারাডোনা। ম্যাচটি দেখতে এসেছিলেন তাঁরা
ছবি: এএফপি

পেনাল্টি শুট আউটে বোকা জুনিয়র্সের হয়ে একে একে গোল করেন মার্কোস রোহো, কার্লোস ইজকের্দোজ, ক্রিশ্চিয়ান পাভন ও অ্যারন মলিনাস। ওদিকে দানি আলভেজ ও ফেরান ব্লাঙ্ক গোল পেলেও বার্সার হয়ে পেনাল্টি মিস করেন ম্যাথিউস পেরেইরা ও গিলেম হাইমে।

তাতেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফলাফল। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর খবর অনুযায়ী, এ ম্যাচ খেলার মাধ্যমে প্রায় ২০ লাখ ইউরো পকেটে পুরেছে বার্সেলোনা।