ম্যারাডোনাকেও ছাপিয়ে 'এল লোকো' হয়ে উঠছেন সিমিওনে

আর্জেন্টাইনরা বরাবরই একটু খ্যাপা। আবেগে থইথই। আর্জেন্টিনায় খ্যাপা-পাগলাটেদের ভালোবেসে, আদর করে ডাকা হয় ‘এল লোকো’। বুয়েনস এইরেসের রাস্তায় বেরোলে নাকি নাকি দশজনের মধ্যে আটজনকেই পাওয়া যাবে যার নাম ‘এল লোকো!’
তবে এই মুহূর্তে আর্জেন্টিনার সবচেয়ে বড় ‘এল লোকো’ ডিয়েগো সিমিওনে; যিনি এল লোকোদের শিরোমণি আরেক ডিয়েগোকেও পাগলামিতে ছাড়িয়ে যাচ্ছেন। ম্যারাডোনাও তো নস্যি। মাঠে ম্যারাডোনা অনেক পাগলামি করেছেন। কিন্তু নিজ দলের কর্মকর্তাকে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ চলার সময় চড় মেরে বসেছেন, এমন নজির নেই। গতকাল সেটাই করলেন সিমিওনে!
গতকাল সিমিওনেকে বেশ কয়েকবারই ঠান্ডা করতে হয়েছে। একবার তো খোদ ফ্রাঙ্ক রিবেরিকে পর্যন্ত সর্বশক্তি দিয়ে দুই হাতে জড়িয়ে সিমিওনেকে আটকাতে দেখা গেল, না হলে সিমিওনে হাতাহাতিই শুরু করে দিতেন হয়তো। যদিও এ ধরনের পরিস্থিতিতে সাধারণত বাকিরা রিবেরিকেই আটকায়!
ম্যাচের দ্বিতীয়ার্ধের টানটান উত্তেজনার সময়ে দেখা গেল, টাচ লাইনে অ্যাটলেটিকো কোচ ঠাস করে এক কর্মকর্তাকে চড় মেরে বসলেন! গালে নয় যদিও। কিন্তু চড় তো চড়ই। আপনি অ্যাটলেটিকো সমর্থক হলে আতঙ্কিত হওয়ার কথা। এমনিতেই লা লিগায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়ে আছেন সিমিওনে। এবার উয়েফার কোনো কর্মকর্তাকে চড়টড় মারলে তো আরও বিপদ! পরে ঘাম দিয়ে জ্বর ছুটল। না, যাকে মেরেছেন তিনি অ্যাটলেটিকোরই কর্মকর্তা। বেচারা সম্ভবত চতুর্থ রেফারির অনুরোধে সিমিওনেকে বোঝাতে এসেছিল শান্ত থাকতে। সিমিওনে একেবারে টেনে মারলেন এক চড়!
অবশ্য পরে সেই কর্মকর্তাকে হাত বুলিয়ে দিয়েছেন। যেন তাতেই সব মিটমাট! পরে অবশ্য স্বীকার করেছেন, তাঁর জীবনের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল এটি, ‘চ্যাম্পিয়নস লিগ সব সময়ই এমন দুর্দান্ত, এমন কঠিন। আমাদের পরপর বিশ্বের সেরা তিন দলের মধ্যে দুটিকে হারাতে হয়েছে। অনেক কঠিন পরিস্থিতি আর যন্ত্রণার মধ্য দিয়ে গেছে আমার খেলোয়াড়েরা। প্রথমার্ধে বায়ার্ন তো খেলল অবিশ্বাস্য; কী চাপ, গতি আর তীব্রতা! আমার ক্যারিয়ারে এখন সবচেয়ে সবচেয়ে সেরা দলের মুখোমুখি হলাম।’
প্রথমার্ধেই বায়ার্ন অ্যাটলেটিকোর ডি-বক্সে ১৮টি আক্রমণ শানিয়েছে। অন্য দিকে অ্যাটলেটিকো যেন ভিড়তেই পারছিল না বায়ার্নের গোলমুখে। দ্বিতীয়ার্ধেও বায়ার্ন আধিপত্য ধরে রাখলেও সিমিওনে মনে করিয়ে দিয়েছেন, এটা তাঁর দলের পড়ে পাওয়া জয় নয়। তাঁর দল সব মিলিয়ে ১৯টা সেভ ও ব্লক করেছে। গোলরক্ষক ওব্লাক তো ছিলেন রীতিমতো অবিশ্বাস্য!
বায়ার্ন কোচ পেপ গার্দিওলাও বাহবা দিচ্ছেন অ্যাটলেটিকোর অটুট রক্ষণকে। বলেছেন, ‘আমরা হয়তো ফাইনালে যেতে পারলাম না, কিন্তু তবু এই দলটিকে নিয়ে আমি ভীষণ গর্বিত। যেভাবে খেলতে চেয়েছিলাম আমরা সেভাবেই খেলেছি। সবকিছুই ঠিকঠাক হয়েছে, শুধু একটা জিনিস পাইনি, একটা মাত্র গোল। আমার খেলোয়াড়দের জন্য তাই খুব খারাপ লাগছে।’
আর তাঁর নিজের জন্য? টানা তিনবার সেমিফাইনালে উঠেও ফিরে গেলেন। বায়ার্নের হয়ে জিতলে ভিন্ন দুটি ক্লাবের হয়ে ইউরোপ সেরার ট্রফিটা জিততে পারতেন, নামের পাশে থাকত কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতার কীর্তিও। আপাতত সেটা আর হলো না। আর বায়ার্ন অধ্যায়ও তো শেষ। গার্দিওলা একটা কথাই বললেন, ‘আমি এই ক্লাবের জন্য জীবন দিয়ে দিয়েছি, লড়াই করেছি, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি।’
তবে সিমিওনে যেন নিজের ‘সবটুকু’রও চেয়ে বেশি দিয়ে দেন। পারলে যেন মাঠেই নেমে পড়েন! এই ‘এল লোকো’ এর আগেরবার ফাইনালে গিয়েও পারেননি, পারেননি ম্যাচের দীর্ঘ সময় এগিয়ে থেকেও; হেরে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদের কাছে। এবার রিয়াল নয়তো ম্যানচেস্টার সিটিকেই পাবেন ফাইনালে। কিন্তু লেস্টারের লিগ জেতার পর অ্যাটলেটিকো ইউরোপ চ্যাম্পিয়ন হলে সেটা শুধু সিমিওনে বা রানিয়েরিদের জয় হবে না; ফুটবলের বড় ও আর্থিকভাবে ভীষণ শক্তিশালী ক্লাবগুলোর বিপক্ষে ছোটদের ঐতিহাসিক এক জয়!