ম্যারাডোনার ক্লাবের প্রস্তাব ফিরিয়ে তিনি এসেছেন বাংলাদেশে
প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে আরও মজার মজার তথ্য জানিয়েছেন বার্কোস। সেখানে উঠে এসেছে তাঁর বাংলাদেশের প্রতি মুগ্ধতার কথা। শুনিয়েছেন সতীর্থ লিওনেল মেসি ও আর্জেন্টিনার দলের অন্যান্য বন্ধুদের সঙ্গে যোগাযোগের গল্প। আগামীকাল ছাপা পত্রিকায় ছাপা হবে বার্কোসের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার পর্বটি

এএফসি কাপের জন্য হন্যে হয়ে স্ট্রাইকার খুঁজছিল বসুন্ধরা কিংস। অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোসকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে তারা। লিওনেল মেসির সাবেক এ সতীর্থের ঢাকায় খেলতে আসার খবরটি তো পুরোনো। তবে বার্কোস যে ডিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে খেলার প্রস্তাব ফিরিয়ে বাংলাদেশের ক্লাবে খেলতে এসেছেন, এটি হয়তো অনেকেরই অজানা।
গত ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা প্রিমিয়ার লিগের ক্লাব জিমনাসিয়া দে লা প্লাতার কোচিংয়ের দায়িত্ব নেন কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা। এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে দলের গোল মাত্র ১৯টি। স্ট্রাইকারদের এমন গোলখরায় ক্লাবটির মনে ধরেছিল ৩৫ বছর বয়সী বার্কোসকে। দিয়েছিল আনুষ্ঠানিক প্রস্তাবও। কিন্তু নিজের দেশে ফিরে না গিয়ে নতুন চ্যালেঞ্জের আশায় বাংলাদেশকে বেছে নিয়েছেন বার্কোস, ‘ এখানে আসার আগে ১০টি দেশে ১৫টি ক্লাবের হয়ে খেলেছি। বিভিন্ন দেশে নতুন পরিবেশে খেলতে পছন্দ করি। তাই আর্জেন্টিনায় আবার ফিরে যাওয়ার সুযোগটা নিইনি। বাংলাদেশে খেলতে পারা অন্য যেকোনো জায়গায় চেয়ে আলাদা হবে। ফুটবল ক্যারিয়ারের জন্য ভালো একটি সুযোগ। এ ছাড়া বাবা আমাকে এখানে খেলার পরামর্শ দিয়েছেন।’
২০১২ সালে ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোয় আর্জেন্টিনার জার্সি গায়ে অভিষেক হয়েছিল বার্কোসের। কোচ আলেসান্দ্রো সাবেলার অধীনে সে ম্যাচে অবশ্য লিওনেল মেসি খেলেননি। তবে সে বছরই বিশ্বকাপ বাছাইপর্বে বার্কোস উরুগুয়ে ও চিলির বিপক্ষে দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। সে ম্যাচে মেসি-হিগুয়েইন-আগুয়েরোরা খেলেছিলেন। একটি ম্যাচে তিনি বদলি ছিলেন হিগুয়েইনের, অন্যটিতে আগুয়েরোর। জাতীয় দলের হয়ে অবশ্য তাঁর কোনো গোল নেই।
বার্কোসের ক্লাব-ক্যারিয়ার গর্ব করার মতোই। খেলেছেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব পালমেইরাস, গ্রেমিও ও ক্রুজেইরোতে। ২০১২-১৩ মৌসুমে পালমেইরাসের হয়ে ২৯ ম্যাচে করেছিলেন ১৪ গোল। পরের দুই মৌসুমে গ্রেমিওর জার্সিতে ৬৯ ম্যাচে ২৩ গোল। ২০১৭ মৌসুমে ইকুয়েডর প্রিমিয়ার লিগের ক্লাব এলডিইউ কুইটোর হয়ে ২১ গোল করতে খেলেছেন ২৬ ম্যাচ। সর্বশেষ কলম্বিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনালের হয়ে ১৪ ম্যাচে ৬ গোল।
এএফসি কাপে এবার খেলবে বসুন্ধরা। আন্তর্জাতিক এ ক্লাব প্রতিযোগিতাকে সামনে রেখে বেশ আটঘাট বেঁধেই নামছে দলটি। বার্কোসকে আনা হচ্ছে সেই উদ্দেশেই। নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় প্রিমিয়ার লিগে প্রথম পর্বে মাঠে নামতে পারবেন না তিনি। তবে খেলবেন দ্বিতীয় পর্বে। অবশ্য এর আগে এএফসি কাপ দিয়ে মার্চেই বসুন্ধরার জার্সিতে তাঁর অভিষেক হওয়ার কথা।
প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে আরও মজার মজার তথ্য জানিয়েছেন বার্কোস। সেখানে উঠে এসেছে তাঁর বাংলাদেশের প্রতি মুগ্ধতার কথা। শুনিয়েছেন সতীর্থ লিওনেল মেসি ও আর্জেন্টিনার দলের অন্যান্য বন্ধুদের সঙ্গে যোগাযোগের গল্প। আগামীকাল ছাপা পত্রিকায় ছাপা হবে বার্কোসের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার পর্বটি।