ম্যারাডোনার ক্ষোভ!
শেষ মুহূর্তে বিতর্কিত পেনাল্টিতে ম্যাচ হেরে যাওয়ার কষ্ট খুব ভালোই জানা তাঁর। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে রেফারির বিতর্কিত পেনাল্টিটা না হলে হয়তো ডিয়েগো ম্যারাডোনার নামের পাশে দুটি বিশ্বকাপ লেখা থাকত। পরশু কনক্যাকাফ গোল্ডকাপে মেক্সিকোর কাছে পানামার প্রশ্নবিদ্ধ হার যেন ম্যারাডোনাকে ২৫ বছর আগের সেই স্মৃতিটা মনে করিয়ে দিল। আর সে কারণেই পানামার হয়ে প্রতিবাদে সরব হলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর, ক্ষোভ উগরে দিলেন মেক্সিকোর প্রতি।
গোল্ডকাপের সেমিফাইনালে ১০ জনের দল নিয়েও ১-০ গোলে এগিয়ে থেকে ফাইনালের স্বপ্ন দেখছিল পানামা। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময় এবং অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দুটি বিতর্কিত পেনাল্টিতে জয় পায় মেক্সিকো। রেফারির এমন সিদ্ধান্তে পানামার স্বপ্নভঙ্গ হতে দেখেই খেপেছেন ম্যারাডোনা। ফেসবুকে লিখেছেন, ‘পানামার খেলোয়াড়দের সঙ্গে আমি সংহতি জানাচ্ছি। এই ম্যাচটি আবার আয়োজন করা হোক এবং রেফারিকে চাকরিচ্যুত করা হোক।’
পানামাকে সমবেদনা জানাতে গিয়ে ম্যারাডোনা ১৯৯০ বিশ্বকাপের প্রসঙ্গও টেনেছেন, যেখানে মেক্সিকান রেফারি এডগার্ডো কোডেসালের সিদ্ধান্ত স্বপ্ন ভেঙে দিয়েছিল আর্জেন্টিনার। সেটি মনে করিয়ে দিয়েই ম্যারাডোনা বলেন, ‘মেক্সিকান রেফারি কোডেসাল আর্জেন্টাইনদের ১৯৯০ বিশ্বকাপ বঞ্চিত করার সময় থেকে এ ধরনের স্বচ্ছতা কখনো দেখা যায়নি।’ গোল ডটকম।