ম্যারাডোনার ঘুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জন্ম থেকেই বিপ্লব তাঁর রক্তে, তিনি বিদ্রোহের প্রতিমূর্তি’— কথাগুলো বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সমস্যাটা হয়ে গেল প্রেসিডেন্টের ওপর থেকে ক্যামেরা সরে যাওয়ার পর। যাঁর জন্য এই অকুণ্ঠ প্রশস্তি, তিনি যে তখন ঘুমোচ্ছেন! পেছন থেকে একজন অতিথি হালকা টোকা দিলে ধড়মড় করে উঠে বসলেন। সঙ্গে সঙ্গেই জড়তা কাটিয়ে হাসিমুখে হাতও নাড়তে থাকলেন উপস্থিত অতিথিদের উদ্দেশে। এই হচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা!
আয়াকুচো যুদ্ধের ১৯০তম বার্ষিকী উপলক্ষে ভেনেজুয়েলা সরকারের আমন্ত্রণে এসেছিলেন ম্যারাডোনা। বেশ কয়েকটি লাতিন আমেরিকান দেশ স্বাধীন হয়েছিল এই যুদ্ধের পরেই। যাত্রাপথে অনেক ধকল গেছে? নাকি মধ্যাহ্নভোজনের পর একটু ক্লান্তি জেঁকে ধরেছিল? যে কারণেই হোক, কাল কারাকাসে একটা কেলেঙ্কারি হতেই পারত। ভাগ্য ভালো সময়মতো জেগে উঠেছিলেন! ইনডিপেনডেন্ট।