ম্যারাডোনার দেখা পেল না রাব্বি!

ডিয়েগো ম্যারাডোনাকে কাছ থেকে দেখার স্বপ্ন নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গিয়েছিল গোলাম রাব্বি। নারায়ণগঞ্জের ছোট্ট ছেলেটির সেই স্বপ্ন থেকে গেল অধরাই। এক ঘণ্টা স্টেডিয়ামে অপেক্ষার পরও ম্যারাডোনা এলেন না। কারণ, তাঁর ফ্লাইট বিলম্বিত হওয়ায় সব সূচিই হয়ে যায় এলোমেলো। এটা গত শনিবারের কথা।
কনফেডারেশনস কাপের ফাইনালের আগের দিন রাশিয়া পৌঁছে খুদে ফুটবলারের সঙ্গে স্টেডিয়ামে কিছু সময় কাটানোর কথা ছিল আর্জেন্টিনার ফুটবল মহাতারকার। কিন্তু রাশিয়া এলেও সময়মতো আন্তমহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালের ভেন্যুতে ম্যারাডোনা আসতে পারেননি। তাই মন খারাপ করেই হোটেলে ফিরে যেতে হয় বাংলাদেশের রাব্বিসহ ৬৪টি দেশের অনূর্ধ্ব-১২ ও ১৪ বয়সী ফুটবলারদের।
কনফেডারেশনস কাপ অনূর্ধ্ব-১২ ফুটবল খেলে রাশিয়া থেকে আজ মঙ্গলবার সকালে দেশে ফিরেছে রাব্বি। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে গাড়িতেই কথা হলো রাব্বির সঙ্গে। ঘুমজড়ানো কণ্ঠে ছোট্ট রাব্বির ম্যারাডোনাকে নিয়েই আক্ষেপ, ‘ম্যারাডোনা আসার কথা ছিল। তিনি এসেছেনও। কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে আসতে পারেননি। তাই খুব খারাপ লেগেছে।’
ম্যারাডোনাকে দেখতে না পারা ছাড়া রাশিয়া সফরে বাকি সবকিছুই তার ভালো লেগেছে। বিমানে করে রাশিয়ায় যাওয়াটাই তার কাছে ছিল বিরাট এক শিহরণ। গত ২৫ জুন রাতে ঢাকা ছাড়ার পর থেকেই সেই শিহরণটা টের পাচ্ছিল রাব্বি। সে যে গিয়েছিল বিশ্বের নানা দেশের, নানা বর্ণের অচেনা কিশোরদের এক মহামিলনে!
২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত গাজগম ইন্টারন্যাশনাল চিলড্রেনস সোশ্যাল ফুটবল ফ্রেন্ডশিপ প্রোগ্রামে অংশ নিয়ে কেমন লেগেছে তার? রাব্বির উত্তর এক শব্দে, ‘ভালো।’ কেমন ভালো? এবার বলে, ‘সবাই একসঙ্গে প্র্যাকটিস করেছি। মজা করেছি।’
বাসে করে ওখানে তাদের ঘোরানো হয়েছে। দেখানো হয়েছে সেন্ট পিটার্সবার্গের ঐতিহাসিক কিছু স্থান। সেসব দেখে বিস্ময়ের ঘোর এখনো কাটেনি বাংলাদেশের এই খুদে ফুটবলারের। তবে রাশিয়ায় গিয়ে ভাত না খেয়ে বিরিয়ানি খেতে নাকি তার ভালোই লেগেছে।
ওখানে তো আর বাংলা কথা বোঝেনি কেউ। তাই ইংরেজিতে কথা বলতে হয়েছে। টুকটাক যেটুকু পারে, তা দিয়েই চালিয়ে নিয়েছে সে। রাব্বির সঙ্গে রাশিয়া গিয়েছিল একজন করে খুদে ও সিনিয়র সাংবাদিক। সঙ্গী হয় বাফুফের দুজন কর্মকর্তা। দলনেতা হিসেবে যাওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাফুফের সদস্য আরিফ হোসেন মুন রাব্বিকে নিয়ে বিমানবন্দর থেকে ফেরার পথে বলছিলেন, ৬৪টি দেশের ৬৪ খুদে ফুটবলারের মধ্যে রাব্বি বেশ সাড়া ফেলেছে। তাকে আপন করে নিয়েছিল অনেক দেশের খেলোয়াড়-কর্মকর্তারাই।
মুন বলেন, ‘আসলে রাব্বি সবার মনোযোগ কেড়েছিল ওর সরলতা দিয়ে। সবাই ওর খোঁজ নিয়েছে। অর্ধেকেরও বেশি দেশের প্রতিনিধিরা ওর নাম ধরে ডাকত। গ্রামের একটা ছেলে, মায়াভরা মুখ। কথা শুনেই আদর করত সবাই।’
সবার মনোযোগ পাওয়ার আরেকটি কারণ ছিল। রাব্বিই নাকি বয়সের দিক থেকে সঠিক বয়সের ছিল এই সফরে। অন্য দেশগুলো বয়সের ব্যাপারটা অত গুরুত্ব দিয়ে না দেখে একটু বেশি বয়সী ছেলেদের নাকি নিয়ে যায়।
মাঠের খেলাতেও রাব্বি চোখ কেড়েছে সবার। যাওয়ার সময়ই সে বলে গিয়েছিল, গোল করতে চায়। কিন্তু গোল করতে না পারলেও ভালো খেলেছে। ৬৪টি দেশের ৬৪ খুদে ফুটবলারকে আট গ্রুপে ভাগ করা হয়। আট দেশের খেলোয়াড়দের নিয়ে হয়েছিল একেকটি দল। রাব্বির যে দলে ছিল, সেখানে খেলেছে হল্যান্ড, ঘানা, কাজাখস্তানসহ আরও দুটি দেশের খুদে ফুটবলাররা। এই দলটি দুটি ম্যাচ খেলে একটি ড্র ও অপরটিতে হেরেছে। ফাইনালে ওঠা এক দলে ছিল আর্জেন্টিনা থেকে যাওয়া কিশোর, যে এই ফুটবল উৎসবরে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে।
মুন জানালেন, কিশোর ফুটবলারদের ওখানে নিয়ে যাওয়া হয়েছিল শুধু খেলার মাঠের আনন্দ পেতে নয়, মাঠের বাইরের কীভাবে বেড়ে উঠতে হয়, দেখানো হয়েছে সেটিও । কীভাবে কথা বলতে হবে, আচরণ কী হবে...সবই ছিল কার্যক্রমের অংশ। অর্থাৎ একজন ভালো খেলোয়াড়ের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপরও এখানে দেওয়া হয়েছে গুরুত্ব।
একটা পর্ব ছিল রাশিয়ার সাবেক ও বর্তমান সময়ের নামীদামি ক্রীড়াবিদদের সঙ্গে সময় কাটানো। যেখানে এসেছিলেন অলিম্পিকে সোনাজয়ী কিছু খেলোয়াড়ও। তাঁদের সঙ্গে সময় কাটিয়ে অনেক কিছুই শিখেছে রাব্বি। বাফুফের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে গিয়েছিল রাশিয়ায়। সেই রোমাঞ্চটা গায়ে মেখেই সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের শেষ প্রান্তে দেখার সুযোগ পায় জার্মানি-চিলির মধ্যকার কনফেডারেশনস কাপের ফাইনাল।
ছোট্ট রাব্বি তো বটেই, মুন পর্যন্ত শিহরিত এই সফর নিয়ে, ‘এক কথায় বলব, অসাধারণ সফর হয়েছে। জীবনে যে কত কিছু দেখার বা জানার আছে, তা বুঝলাম আরেকবার।’ রাব্বিও নতুন করে নিজেকে আবিষ্কার করে ফিরেছে। এখন বড় হয়ে সে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে তবেই পুরোপুরি সার্থক হবে সফরটা।
রাব্বি ফুটবলার হতে পারলেই আসলে সফরটা সার্থক হয়। সে ভবিষ্যতে ফুটবলার হতে পারবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। এ দেশের ফুটবলের চোরাবালিতে হারিয়ে ফুটবল ছেড়ে অন্য কিছু করার শঙ্কাটা কিন্তু থেকেই যাচ্ছে।