ম্যারাডোনার ‘দ্বিতীয় বাড়ি’তে মরিনিও

ডিয়েগো জুনিয়রের সঙ্গে মরিনিওছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপলসে ডিয়েগো ম্যারাডোনার জনপ্রিয়তা সবার জানা। আর্জেন্টিনার বাইরে ম্যারাডোনার ‘দ্বিতীয় বাড়ি’ বলে যদি কিছু থেকে থাকে, সেটি অবশ্যই নেপলস। ইতালির এই শহরের ক্লাব নাপোলিকে বিশ্বের সেরা ক্লাবগুলোর কাতারে তুলে এনেছিলেন প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি। নেপলসে ম্যারাডোনার নামে ধর্মের প্রচলন করেছেন সমর্থকেরা। রোমা কোচ জোসে মরিনিও সেখানে গিয়ে ম্যারাডোনাকে স্মরণ করবেন না, তা কীভাবে হয়! ম্যারাডোনার সঙ্গে যে নিবিড় সম্পর্ক ছিল পর্তুগিজ কোচের।

ইতালিয়ান সিরি ‘আ’–তে কাল নাপোলির মাঠে ১–১ গোলে ড্র করে রোমা। এই ম্যাচের আগে নাপোলির কোয়াত্রিয়েরি স্পাগনোলিতে ম্যারাডোনার ম্যুরালে শ্রদ্ধা জানান মরিনিও। এরপর তিনি দেখা করেন ম্যারাডোনার ছেলে ডিয়েগো জুনিয়রের সঙ্গে। ফুটবলার হিসেবে তেমন সুনাম অর্জন করতে না পারলেও এখন নেপলসে বসবাস করছেন ডিয়েগো জুনিয়র। ইতালিয়ান ফুটবলে পঞ্চম স্তরের ক্লাব নাপোলি ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করছেন।

নেপলসে গিয়ে ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানালেন মরিনিও
ছবি: রয়টার্স

মরিনিওর সঙ্গে সাক্ষাৎ নিয়ে সংবাদমাধ্যমকে ডিয়েগো জুনিয়র বলেছেন, ‘বাবার কথা স্মরণ করে আমরা একটু আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। জোসে মরিনিও, তুমি ডিয়েগো ম্যারাডোনার প্রকৃত বন্ধু। বাবাকে তুমি যতটা ভালোবাসো, তোমাকেও আমি ততটাই ভালোবাসি।’

ম্যারাডোনার ম্যুরালে শ্রদ্ধা জানানোর সময় ভক্ত ও পুলিশ দ্বারা বেষ্টিত ছিলেন মরিনিও। রোমার অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ম্যারাডোনার ম্যুরালে মরিনিওর শ্রদ্ধা জানানোর ভিডিও পোস্ট করা হয়। ২০২০ সালে ম্যারাডোনার মৃত্যুর পর এই ম্যুরাল বানানো হয়। সে বছর নভেম্বরে ম্যারাডোনার মৃত্যুর পর মরিনিও জানিয়েছিলেন, ‘বড় ব্যবধানে হারের পর ম্যারাডোনা সব সময় তাকে ফোন করতেন, কিন্তু জিতলে ফোন করেননি।’ ম্যারাডোনা তাঁকে বলতেন, ‘কখনো ভুলো না তুমিই সেরা’—এ কথাও জানান মরিনিও।