ম্যারাডোনার নাপোলি-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে কোচ হওয়ার বাসনাটা সম্ভবত আবার জেগেছে ডিয়েগো ম্যারাডোনার মধ্যে। এই তো কদিন আগেই আর্জেন্টিনার ডাগআউটে ফেরার ইচ্ছেটা প্রকাশ করেছেন। কিন্তু আর্জেন্টাইন কিংবদন্তির সেই ইচ্ছা সম্ভবত পূরণ হচ্ছে না। এবার ম্যারাডোনা জানালেন তাঁর নতুন ইচ্ছের কথা—হতে চান নাপোলির কোচ!
মাঠের ফুটবলে একসময় বিশ্ব মাতিয়েছেন। আর্জেন্টিনাকে জিতিয়েছেন ১৯৮৬ বিশ্বকাপ, অখ্যাত নাপোলিকে তাঁর জাদুর ছোঁয়ায় ইতালি ও ইউরোপে এনে দিয়েছেন সাফল্য। কিন্তু ডাগআউটে ম্যারাডোনার সময়টার বর্ণনায় ভালো বিশেষণ খুঁজতে বেগই পেতে হবে। আর্জেন্টিনা জাতীয় দল বা এর আগে-পরে আর্জেন্টিনার রেসিং ক্লাব, সংযুক্ত আরব আমিরাতের আল ওয়াসলের ডাগআউটে তাঁর সময়টা যে ‘ভালো খেলোয়াড় সব সময় ভালো কোচ হন না’ প্রবাদটাকেই মনে করিয়ে দিয়েছে বারবার। তিনিই আবার ফিরতে চাইছেন নাপোলির ডাগআউটে!
অবশ্য ইতালিয়ান লিগে বর্তমানে তিনে থাকা ক্লাবটির প্রতি তাঁর ভালোবাসা-আবেগও আকাশছোঁয়া। নাপোলির সমর্থকদের কাছে এখনো তিনি ফুটবল-ঈশ্বর! ক্লাবের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশেও সেটিই তুলে ধরলেন ম্যারাডোনা, ইতালিয়ান টিভি আমিচিকে বলেছেন, ‘নাপোলির কোচ হতে চাই কি না? যদি এখানকার মানুষ চায়, তাহলে অবশ্যই!’
নাপোলি তাঁকে কোচ করতে চায় কি না, সেটি একটা ব্যাপার। আরেকটা বাধাও আছে ম্যারাডোনার—পরিশোধ করতে হবে ইতালিতে বাকি থাকা কর। ম্যারাডোনাই বলেছেন, ‘প্রথমত ইতালিতে আমার ঝামেলাগুলো মিটিয়ে ফেলতে হবে। তারপর নাপোলির হয়ে ইতালিতে বা বিশ্বের যেকোনো জায়গায় কাজ করতে পারব।’ কোচ হতে পারেন বা না পারেন, নাপোলির জন্য একটা করণীয় এখনই ঠিক করে রেখেছেন ৫৬ বছর বয়সী আর্জেন্টাইন, ‘সবকিছু ঠিকঠাকভাবে করতে হবে, কারণ আমি একটা জয়ী দল দেখতে চাই। এমন একটা দল যারা জুভেন্টাস, ইন্টার, এসি মিলান ও রোমার সঙ্গে সমানে সমানে লড়তে পারবে।’ ডেইলি মেইল।