ম্যারাডোনার বিয়ে!

এ যেন ক্লাইম্যাক্সে ভরা কোনো সোপ অপেরা। সুনিপুণ দক্ষতায় একের পর এক কৃত্রিম নাটকীয়তা আর চমক দিয়ে পরিচালক যেখানে টিভি পর্দায় বেঁধে রাখেন দর্শকদের। টেলিভিশন নয়, বাস্তবেই এমন চিত্রনাট্য মেনে চলছে ডিয়েগো ম্যারাডোনার জীবন। কদিন আগে খবরের শিরোনাম হয়েছিলেন সাবেক স্ত্রী ক্লদিয়া ভিলাফেনের সঙ্গে অর্থকড়ি নিয়ে আইন-আদালত করে। ম্যারাডোনার বড় দুই মেয়ের মায়ের সঙ্গে সেই আইনি ঝামেলার নিষ্পত্তি এখনো হয়নি, এরই মধ্যে চিত্রনাট্যে নতুন মোড়—আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আর্জেন্টাইন কিংবদন্তি মালা পরাতে যাচ্ছেন বর্তমান বান্ধবী রোসিও অলিভার গলাতেই।
এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তবে ‘শুভস্য শীঘ্রম’ বলেই মনে হচ্ছে। ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে আর্জেন্টিনায় এসে অলিভা সাংবাদিকদের বললেন, ‘যদি সবকিছু গুছিয়ে নিতে পারি, তবে এ বছরই হবে।’ আগামী ডিসেম্বরের ১৩ তারিখটিকে ঘিরে ট্যাবলয়েডগুলোর গুঞ্জনকে অবশ্য নাকচই করে দিয়েছেন অলিভা।
ম্যারাডোনার বিয়ে, আর এ নিয়ে উত্তেজনা থাকবে না তা কেমন করে হয়! ‘সেলিব্রিটি গসিপ’ অনুষ্ঠানগুলোর অনুমান, এরই মধ্যে ৫৪ বছর বয়সী বর আর ২৫ বছর বয়সী কনের বিয়ের সম্ভাব্য স্থানও ঠিক হয়ে গেছে—ভ্যাটিকান সিটি। যেখানে নবদম্পতিকে আশীর্বাদ করবেন পোপ ফ্রান্সিস, যিনি নিজেও ফুটবলের বড় ভক্ত। এএফপি।